তেলের সঙ্গে কোকেনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের সঙ্গে তরল কোকেন আমদানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ওই তেলের চালান আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান ও এক কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। গত শনিবার রাতে মামলাটি করা হয়।

চট্টগ্রাম নগরের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গণি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। তিনি প্রথম আলোকে বলেন, মামলায় প্রাথমিকভাবে দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন, খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা গোলাম মোস্তফা। পুলিশ ইতিমধ্যে গোলাম মোস্তফাকে ৫৪ ধারায় আটক করেছে। তিনি কারাগারে আছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আসামির কথাও উল্লেখ করা হয়েছে মামলায়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে পরবর্তীতে মামলার আসামি করা হবে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ও শুল্ক গোয়েন্দা গত ৬ জুন চট্টগ্রাম বন্দরে সন্দেহজনকভাবে কনটেইনারটি আটক করে। পরে কনটেইনারটিকে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই দিন রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গোলাম মোস্তফাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

তানভীর আরাফাত আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালানটির বিষয়ে পুলিশকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গোলাম মোস্তফা। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে চালানটি বাংলাদেশের জন্য নয়, অন্য কোনো উন্নত দেশে ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।