তৈরি পোশাক ডাকাতির ঘটনায় আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাতুয়াইলের একটি পেট্রলপাম্পের সামনে থেকে কাভার্ড ভ্যানভর্তি তৈরি পোশাক ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ফরিদ উদ্দিন বলেন, ৯ জানুয়ারি একটি পোশাক কারখানা থেকে ৯ হাজার ৪৫০টি তৈরি পোশাক একটি কাভার্ড ভ্যানে করে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে রাজধানী পেট্রলপাম্পের সামনে কাভার্ড ভ্যানটি ডাকাতের কবলে পড়ে। ডাকাত দলের সদস্যরা চালক ও সহকারীকে চেতনানাশক দিয়ে অচেতন করে কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়। পরদিন সাভার থেকে পরিত্যক্ত অবস্থায় কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানে প্রায় ৬৩ লাখ টাকার তৈরি পোশাক ছিল। পরে অভিযান চালিয়ে ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতি হওয়া ৯ হাজার ১৮৫টি পোশাক উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামসু, হুমায়ুন কবির, শাহিন রানা, ডাকাত শাহিন, ডাকাত হুমায়ুন, ফারুক, সাঈদ ভূঁইয়া ওরফে শ্যামল ও মোশারফ। এই চক্রের সঙ্গে আরও ১০-১২ জন জড়িত বলে উপকমিশনার জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই জাকির হোসেন বলেন, ডাকাত দলের সদস্যরা চার ধাপে এই কাজ করেন। আর গোটা চক্র নিয়ন্ত্রিত হয় যাঁর মাধ্যমে তিনি দুবাই থাকেন। ডাকাতির প্রথম ধাপে যাঁরা থাকেন, তাঁরা সাধারণত পুলিশ সেজে ট্রাক বা কাভার্ড ভ্যান আটকান। পরে কৌশলে চালক ও সহযোগীকে আটকে রাখেন বা অচেতন করেন। ৯ তারিখের ঘটনাটিও একইভাবে ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির পর ডাকাত দলের পাঁচ-ছয়জন সদস্য কাভার্ড ভ্যানটি নিয়ে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় যান। সেখানে ১ লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে একটি গুদামে ডাকাতি করা মালামাল রাখেন।