বেতন ও বোনাসের দাবিতে তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের দুই স্বজনকে গতকাল শুক্রবার বিকেল থেকে অবরোধ করে রেখেছেন প্রতিষ্ঠানটির পোশাকশ্রমিকেরা।
রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে অবস্থিত তোবা গ্রুপের পোশাক কারখানায় দেলোয়ার হোসেনের শাশুড়ি ও শ্যালক অবরুদ্ধ হয়ে আছেন।
কয়েকজন শ্রমিক বলেন, ঈদ বোনাসসহ তাঁদের তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। মালিকপক্ষ এক মাসের বেতন ও ঈদ বোনাস দিতে রাজি হয়েছে। কিন্তু শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবি করছেন। এই দাবিতেই মালিকপক্ষের দুজনকে অবরোধ করে রাখা হয়েছে।
মো. সুমন নামের একজন শ্রমিক বলেন, তাঁদের দাবি না মানলে অবরুদ্ধ অবস্থায় মালিকপক্ষের ওই দুজনকে ঈদ করতে হবে।
ঘটনার বিষয়ে তোবা গ্রুপের বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঈদের আগে তোবা গ্রুপের তিন হাজার শ্রমিকের বেতন-বোনাস পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তোবার ব্যবস্থাপনা পরিচালক কারাগারে থাকায় তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এই টাকা পরিশোধে প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তাদের কোনো উদ্যোগ নেই।
এ অবস্থায় সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ভবনের দুটি ফ্লোর বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
শ্রমিকনেতারা বলছেন, বেতন-ভাতা পরিশোধে প্রতিষ্ঠানের সামর্থ্য আছে। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে মুক্ত করতে বেতন-ভাতা বন্ধ করে এক ধরনের কৌশলের আশ্রয় নিয়েছে মালিকপক্ষ।
শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সোমবার দেলোয়ার হোসেনের সাময়িক জামিন হওয়ার সম্ভাবনা থাকলেও তা হয়নি। এর পর থেকে শ্রমিকেরা ফুঁসে ওঠেন। গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারওয়ান বাজারের বিজিএমইএ ভবন ঘেরাও করে রাখেন তোবার এক হাজার ২০০ জন শ্রমিক। তোবা ফ্যাশনস, তোবা টেক্সটাইল, বুকশান গার্মেন্টস, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইন—এই পাঁচ কারখানায় কাজ করেন তাঁরা। পরিস্থিতি শান্ত করতে বিজিএমইএর নেতারা তাঁদের আজ (শনিবার) দুই মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেন।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১১ জন শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হন। এ ঘটনায় করা মামলায় জামিন নিতে গেলে আদালত গত ৯ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠান। তাঁর স্ত্রী তোবার চেয়ারম্যান মাহমুদা আক্তারকে কারাগারে পাঠালেও পরে তিনি জামিনে মুক্তি পান।