তোলারামে ছাত্রজোট নেতাদের আবার পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে আবারও প্রগতিশীল ছাত্রজোটের তিন নেতাকে ছাত্রলীগ পিটিয়ে আহত করেছে। তাঁদের নারায়ণগঞ্জ তিন শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ছাত্রলীগের দাবি, ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতে ছাত্রজোটের নেতারা ‘নাটক’ করছেন।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি জাহিদ সুজন প্রথম আলোকে বলেন, আজ বুধবার তিনিসহ আরও কয়েকজন তোলারাম কলেজে মাস্টার্সে ভর্তি হতে যান। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও পিয়াসের নেতৃত্বে দশ থেকে ১৫ ছাত্রলীগ লাঠি, বাঁশ ও রড নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সহসাধারণ সম্পাদক বিশ্বজিত দাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল বাপ্পী, গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা সম্পাদক মিনহাজুল হক নাহিদ গুরুতর আহত হন। তাঁদের নারায়ণগঞ্জ তিন শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে অভিযোগের ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি বলেন, ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি। এর আগে গত ১৭ জুন সরকারি তোলারাম কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ, সকল ছাত্র সংগঠনের সহ অবস্থানের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলায় ২০ জন আহত হয়।