ত্বকী হত্যার বিচার দাবির কর্মসূচিতে হামলা
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৪৮ মাস পূর্তিতে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবিতে আয়োজিত কর্মসূচিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলসহ তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাতটায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার বিষয়ে ত্বকীর বাবা এবং নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি বলেছেন, প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান প্রকাশ্যে ঘুরে বেড়ালে এই ধরনের হামলা হতেই পারে।
আজ বেলা তিনটায় চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার বিচারের দাবিতে প্রথমে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ অবস্থান কর্মসূচির আয়োজন করে। সন্ধ্যার পর নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট একই দাবিতে একই স্থানে মোমশিখা প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি শেষ করে সাংস্কৃতিক জোট ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের বেশির ভাগ কর্মী চলে যাওয়ার পর সেখানে হামলার ঘটনা ঘটে। হামলায় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, বাসদের কর্মী এস এম কাদির ও করিম আহত হন।
আহত ধীমান সাহা জানান, প্রথমে তিনজন উচ্ছৃঙ্খল যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে শহীদ মিনারে টানানো কর্মসূচির ব্যানার কেটে ফেলেন। মাইক্রোফোন স্ট্যান্ড ছুড়ে ফেলেন। তিন যুবকের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। ওই সময় জুয়েল এর প্রতিবাদ জানালে উচ্ছৃঙ্খল যুবকেরা তাঁকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন এবং তাঁর শার্ট ছিঁড়ে ফেলেন। তাঁকে বাঁচাতে গেলে বাসদের কর্মী এস এম কাদির ও করিমকেও পিটিয়ে আহত করা হয়। এ সময় আরও সাত-আটজন যুবক ধারালো অস্ত্র নিয়ে শহীদ মিনারের বেদীর সামনের কড়ইগাছ কুপিয়ে আতঙ্ক তৈরি করে। তখন শহীদ মিনারে উপস্থিত মানুষেরা দৌড়ে পালাতে শুরু করেন।
এ বিষয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘ত্বকী হত্যা মামলার একজন ঘাতক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের উপস্থিতিতে এবং তাঁর নির্দেশে, তাঁর অফিসে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করে। আজমেরী ওসমানের বিরুদ্ধে ১০-১২টি হত্যার অভিযোগ রয়েছে। এরপরও যেহেতু সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সেখানে এ রকম হামলা স্বাভাবিক ঘটনা।’
অবস্থান কর্মসূচিতে রফিউর রাব্বির সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, বর্তমান সভাপতি জিয়াউল ইসলাম কাজল, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।
২০১৩ সালের ১২ নভেম্বর নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি সুলতান শওকত জানিয়েছিলেন, ওই বছরের ৬ মার্চ শহরের কলেজ রোডে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে খুন করা হয়। ত্বকীকে খুনের পর বস্তাবন্দী লাশ আজমেরী ওসমানের গাড়িতে তুলে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।