ত্রাণ বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ নিয়ে বিরোধের জের ধরে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার ইয়ারপুর গ্রামে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকের বাড়িতে এবং গত মঙ্গলবার রাতে স্থানীয় ছমির মুন্সিরহাট বাজারে হামলার ঘটনা ঘটে।

িবএনপির নেতা–কর্মীরা জনান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের বিরোধ দীর্ঘদিনের। এর জেরেই পাল্টাপাল্টি হামলা।

হামলায় আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল-মামুন (৫০), কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৪৮) ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম (৪০)।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী মফিজ দলের চেয়ারপারসনের আহ্বানে সাড়া দিয়ে গত মঙ্গলবার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেন। তাঁর এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ফারুকের পক্ষত্যাগকারী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল-মামুনসহ বেশ কয়েকজন নেতা-কর্মী।

গত মঙ্গলবার রাত নয়টার দিকে ছমির মুন্সিরহাট বাজারে আবদুল্লা আল-মামুনের ওপর হামলা হয়। হামলায় মামুন, তাজুল ইসলাম, খুরশিদসহ চারজন আহত হন। এই হামলার জন্য জয়নুল আবদীন ফারুকের অনুসারীদের দায়ী করেছেন আহত ব্যক্তিরা। এরপর গতকাল ভোরে ইয়ারপুর এলাকায় কাজী মফিজ ও ফারুকের অনুসারীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ছয়জন আহত হন।

বিএনপি নেতা কাজী মফিজ অভিযোগ করেন, তিনি দলের চেয়ারপারসনের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। কিন্তু জয়নুল আবদীন ফারুক এ কাজে বাধা দেওয়ার জন্য হামলা করেছেন।

জয়নুল আবদীন ফারুক গতকাল বিকেলে তাঁর ইয়ারপুর গ্রামের বাড়িতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কাজী মফিজ কিছু পথভ্রষ্ট লোককে নিয়ে ত্রাণ বিতরণ করছেন। ওই কার্যক্রমে অংশগ্রহণকারী মামুনসহ কয়েকজন মঙ্গলবার রাতে তাঁর অনুসারী স্বেচ্ছাসেবক দলের নেতা সামছুকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে দলের কিছু কর্মী মামুনের ওপর পাল্টা হামলা চালায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপির দুপক্ষের বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে ও গতকাল ভোরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনার বিষয়ে কোনো পক্ষ এখনো থানায় অভিযোগ করেনি।