ত্রাণমন্ত্রীর বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এর অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও পুলিশ সুপারকে দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, মন্ত্রী গত রোববার দুপুরে আরেক চেয়ারম্যান প্রার্থীর (মোবাইল প্রতীক) পক্ষে ভোট দিতে ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের জজ নগরের বাসায় মতলব উত্তরের নারী ভোটারদের ১০ হাজার টাকা করে দেন। সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদের বাসায় মতলব উত্তরের সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের ১০ হাজার টাকা করে দেন।
জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুস সবুর মণ্ডল বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’
এ বিষয়ে কথা বলতে মন্ত্রী মোফাজ্জল হোসেনের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়। এ ছাড়া মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ ফোন ধরেননি।
এদিকে রাত আটটার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোবাইলফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওচমান গনি পাটোয়ারী। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন ঢাকার রাজনীতিবিদ। চাঁদপুরে দলে কোনো অবদান নেই। তাঁর পক্ষে মন্ত্রী টাকা খরচ করেছেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগ ভিত্তিহীন ও অবান্তর। তিনি আরও বলেন, ‘নুরুল আমিনের বাড়ি মতলবে। নিজ এলাকায় ভোট পাবেন না আশঙ্কা করে আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছেন।’