ত্রাণের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণের চাল ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাল বিতরণের সময় তদারকি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী দাবি করেন, ‘চাল ওজনে কম দেওয়ার অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি চক্র আমাকে বিপাকে ফেলার জন্য এ অপবাদ রটাচ্ছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ভিজিএফ কর্মসূচির অধীনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯ হাজার ৬০০ কৃষক পরিবারের জন্য ৭৪৪ টন ৮০০ কেজি চাল ও ৯৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ১ হাজার ৭২৬টি পরিবারের মধ্যে ৩৮ কেজি করে চাল ও ৫০০ করে টাকা বিতরণের জন্য ৬৫ টন ৫৮৮ কেজি চাল ও ৮ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত মঙ্গল ও গতকাল শনিবার ধরমপাশা খাদ্যগুদাম থেকে ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী এই চাল তোলেন।
পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা ১১টা থেকে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে ভিজিএফের চাল বিতরণ শুরু করা হয়। গতকাল বেলা আড়াইটায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল ও টাকা বিতরণ শুরু হয়। এই বিতরণের কাজ তদারকের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাঈল হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা উপস্থিত ছিলেন না। এ বিষয়ে কথা বলার জন্য গতকাল তাঁদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।
রাজাপুর আগলাহাটি গ্রামের রিয়াদুল হক বলেন, ‘প্রতিটি পরিবারকে ৩৮ কেজি করে চাল ও ৫০০ টাকা করে বিতরণ করার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান আমানুর রাজার উপস্থিতিতে ২৮ কেজি থেকে সর্বোচ্চ ৩১ কেজি করে চাল বিতরণ করা হয়। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালেও আমরা কোনো সুফল পাইনি।’