ত্রাণের চাল কেনার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যার্তদের মধ্যে বিতরণ করা ত্রাণের চাল কেনার অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গত শুক্রবার বাদী হয়ে এ মামলা করেন।
ধুনটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, সরকারি ত্রাণের কোনো জিনিস কেনা বা বিক্রি করা অবৈধ।
থানা-পুলিশ ও বানিয়াজান গ্রামের বাসিন্দারা বলেন, ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যাদুর্গতদের মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে ১৮ মেট্রিক টন ত্রাণের চাল বিতরণ করা হয়। তালিকাভুক্ত প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। ত্রাণ পাওয়া অনেকে এসব চাল বানিয়াজান গ্রামের মোখলেছুর রহমান নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করলে ভারপ্রাপ্ত ইউএনও সরোয়ার জাহান বৃহস্পতিবারই মোখলেছুরের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর বাড়ি থেকে আটটি বস্তায় ভরা প্রায় ৪০০ কেজি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম বাদী হয়ে গত শুক্রবার রাত ১২টার দিকে মোখলেছুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে ত্রাণের চাল কেনার অভিযোগে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
ভারপ্রাপ্ত ইউএনও সরোয়ার জাহান বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোখলেছুর রহমানের বাড়ি থেকে আট বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী পালিয়ে গেছেন।
মুঠোফোনে ব্যবসায়ী মোখলেছুর রহমান বলেন, ত্রাণের তালিকাভুক্ত ব্যক্তিরা চাল তুলে তাঁর কাছে বিক্রি করে দিয়েছেন। তাঁর মতো অনেকেই এই চাল কেনেন। এ ঘটনায় যে মামলা হবে তা তাঁর জানা ছিল না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, উদ্ধার করা চাল পরিষদের গুদামে রাখা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ত্রাণের চাল অবৈধভাবে কেনার অভিযোগে মোখলেছুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।