ত্রাণের চাল পাচারচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ত্রাণের চাল কালোবাজারে পাচারের চেষ্টার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বলাইশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদারের কর্মচারী সাদেক মিয়া, অটোরিকশাচালক জুয়েল মিয়া ও জুলহাস মিয়া। গতকাল বুধবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় চেয়ারম্যান ও তাঁর অপর কর্মচারী ইলিয়াস আলীকেও আসামি করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম মামলাটি করেন।

থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দুস্থ গোষ্ঠীর জন্য খাদ্য-সহায়তা (ভিজিএফ) কর্মসূচির অধীনে বলাইশিমুল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ৩৭৬ জন কৃষকের জন্য মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ করে প্রশাসন। গত রোববার সকাল থেকে সুবিধাভোগীদের মধ্যে আগস্ট মাসের চাল বিতরণ করা হয়। এদিন ৬৮ জন সুবিধাভোগী অনুপস্থিত ছিলেন। এ কারণে তাঁদের ৪০ বস্তা চাল ইউপির কার্যালয়ে রাখা হয়। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চেয়ারম্যানের কর্মচারী সাদেক মিয়া দুটি অটোরিকশায় করে ওই চাল থেকে ১৬ বস্তা পাচার করছিলেন। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ইউপি কার্যালয়ের সামনে থেকে চালসহ তিনজনকে আটক করে। রাতেই এই তিনজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘৬৮ জন কার্ডধারীর ৪০ বস্তা চাল পরিষদে মজুত ছিল। আমি নেত্রকোনায় থাকার সুযোগে আমাকে বিপদে জড়ানোর জন্য ষড়যন্ত্র করে সাদেক মিয়া এ ঘটনা ঘটিয়েছে।’

পুলিশ হেফাজতে থাকায় সাদেক মিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।