ত্রাণের চাল বিক্রির অভিযোগে গ্রেপ্তার
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ করা ত্রাণের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, রোববার রাত পৌনে ১১টার দিকে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হরনাথ দাসের বিরুদ্ধে মামলা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ মামলাটি করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ইউপি চেয়ারম্যান হরনাথ দাস সরকারি গুদাম থেকে হাওরের কৃষকদের জন্য বরাদ্দ দেওয়া ৫ মেট্রিক টন ত্রাণের চাল উত্তোলন করেন। এগুলো ১ মে বিতরণ করার কথা ছিল। কিন্তু তিনি এসব আত্মসাৎ করে কালোবাজারে বিক্রি করে দেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রোববার তাঁকে উপজেলা পরিষদে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান। সেখানে তিনি অভিযোগ স্বীকার করেন।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ইটনা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে কালোবাজারে বিক্রি করা ১০১ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন ইউএনও।
এ ছাড়া চাল আত্মসাতের বিষয়টি জানাজানি হওয়ায় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বদরুজ্জামানকে লাঞ্ছিত ও হুমকিও দেন চেয়ারম্যান হরনাথ দাস।
এ ব্যাপারে ইউএনও মশিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।