গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ জুন ত্রাণ বিভাগের নয় বান্ডিল ঢেউটিন উপজেলা সদর থেকে নৌকায় করে হরিপুর ইউনিয়নের হরিপুর খেয়াঘাটে নিয়ে যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজু মিয়া। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নাম লেখা দেখে এলাকাবাসী টিন আটক করে। পরে মনজু মিয়া নাজিমাবাদ আলিম মাদ্রাসায় তিন বান্ডিল, কানিচরিতাবাড়ি জামে মসজিদে তিন বান্ডিল ও সরকারপাড়া জামে মসজিদে তিন বান্ডিল টিন পাঠিয়ে দেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানেরা টিন বরাদ্দের কথা জানতেন না। ঘটনার পর মনজু মিয়া ও পিআইও নুরুনন্নবী সরকারের বিরুদ্ধে টিন আত্মসাতের অভিযোগ ওঠে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গত ৩০ জুন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেন।
ভারপ্রাপ্ত ইউএনও হাবিবুল আলম গতকাল মুঠোফোনে বলেন, ‘টিনগুলো আগে থেকে মজুত ছিল। এগুলো কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। ঘটনাটি তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এখন ঈদের ছুটি চলছে। তাই কমিটিকে জরুরি ভিত্তিতে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ তিনি জানান, ওই সব টিন সংশ্লিষ্ট এলাকায় রয়েছে। সেখানকার গ্রাম পুলিশদের পাহারা দিতে বলা হয়েছে।
টিন আত্মসাতের চেষ্টার অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজু মিয়া। তিনি বলেন, ‘ওই সব টিন আমার মাধ্যমে মসজিদ ও মাদ্রাসার পৌঁছানো হয়েছে। অথচ আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
পিআইও নুরুনন্নবী সরকার বলেন, ‘বিশেষ কাবিটা প্রকল্পের একটি বিল গত ৩০ জুনের মধ্যে ছাড় করা হয়নি। তাই সাংসদ টিন ইস্যুতে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।’ তবে সাংসদ মনজুরুল ইসলাম বলেন, কাবিটা প্রকল্পের বিল ছাড় করার জন্য পিআইও শতকরা ১০ টাকা করে দাবি করেছিলেন। এই টাকা না দেওয়ায় পিআইও বিলটি ছাড় করেননি। আর টিন আত্মসাতের ঘটনার সঙ্গে প্রকল্পের বিল ছাড়ের কোনো সম্পর্ক নেই।