ত্রিমুখী সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল শনিবার সন্ধ্যায় শিক্ষার্থী, বহিরাগত ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয়সহ কয়েকটি কক্ষ ও আটটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। ইনস্টিটিউট ক্যাম্পাসে চাঁদাবাজি, ছিনতাই ও বখাটেপনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘সাংসদের নির্দেশে আমরা ছাত্রদের সমস্যা সমাধানে ক্যাম্পাসে গিয়েছিলাম। এ সময় পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। তারা আমাদের বেশ কয়েকটি মোটরসাইকেলসহ অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালায়। এতে আমাদের প্রায় ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।’
শিক্ষার্থী ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ইনস্টিটিউটের আশপাশের এলাকার কিছু বহিরাগত যুবক শিক্ষার্থীদের সঙ্গে বখাটেপনা করে আসছিলেন। তাঁরা দিনে ও রাতের বিভিন্ন সময় ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের মারধর ও ছিনতাই করছেন। অনেক সময় বহিরাগতরা ছাত্রদের ছাত্রাবাস থেকে বের করে দিয়ে কক্ষ দখল করে নেশা করতেন। এতে ছাত্ররা অতিষ্ঠ হয়ে তাঁদের বিরুদ্ধে অবস্থান নেন। সংঘবদ্ধ ছাত্ররা গত শুক্রবার সন্ধ্যায় বিষয়টি পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুককে জানান। সাংসদ সমস্যাটি সমাধানের জন্য পাবনা জেলা ছাত্রলীগকে দায়িত্ব দেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও বহিরাগতদের সঙ্গে বৈঠক করার জন্য ইনস্টিটিউট ক্যাম্পাসে যান। তাঁরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে পৌঁছালে বহিরাগতরা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সাধারণ ছাত্রদের ছাত্রাবাসে হামলা করেন। এতে ছাত্ররা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে উভয় পক্ষ ক্যাম্পাসে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। এতে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ব্যক্তিরা ক্যাম্পাসে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীদের সাত থেকে আটটি মোটরসাইকেল, অধ্যক্ষের কার্যালয় ও কয়েকটি কক্ষে ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন পক্ষের প্রায় ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে সাব্বির, রাজীব, মামুন, জুম্মন, রবিউল, রাজীব-২, মজিদ, প্রিন্স, রনি, আবির, সোহেল, মজিদ, আশরাফুল, রাশেদসহ ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রবিউল ও আবিরের অবস্থার অবনতি ঘটনায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের প্রধান আতিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বহিরাগতদের অত্যাচারে ছাত্ররা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তাঁরা সংঘবদ্ধ হয়ে বিষয়টি স্থানীয় সাংসদকে জানান। সাংসদের একটি প্রতিনিধিদল সমস্যা সমাধান করতে ক্যাম্পাসে এলে হঠাৎ করেই সংঘর্ষ বেধে যায়। তবে কেন কী কারণে এ সংঘর্ষ বাধল, তা তিনি জানেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।