ত্রিশালে আ.লীগের কার্যালয়ে যুবলীগের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল সোমবার সাবেক সাংসদ রেজা আলীর পক্ষের নিয়ন্ত্রণাধীন আওয়ামী লীগের একাংশের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে তাতে আগুন দিয়েছেন যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। তাঁরা উপজেলা যুবলীগের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান।

দলীয় সূত্র জানায়, প্রায় সাত বছর আগে ত্রিশাল পৌরসভার বর্তমান মেয়র এ বি এম আনিসুজ্জামানকে সভাপতি ও হুমায়ুন কবির আকন্দকে সাধারণ সম্পাদক করে ত্রিশাল উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। গত রোববার রাতে আকস্মিকভাবে ওই কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েলকে আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট যুবলীগের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

এতে যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গতকাল সোমবার দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কে আওয়ামী লীগের সাবেক সাংসদ রেজা আলীর পক্ষের নিয়ন্ত্রণাধীন উপজেলা আওয়ামী লীগের একাংশের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কার্যালয়ের সামনের রাস্তায় ভাঙচুর করা চেয়ার-টেবিলে দুর্বৃত্তরা আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।