ত্রিশালে গলাকাটা, শেরপুরে গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল মঙ্গলবার মাদ্রাসার এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগের রাতে শেরপুর সদর উপজেলায় এক তরুণের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
ত্রিশালে উদ্ধার করা লাশটি মো. শরীফের (১৮)। তিনি বাগান গ্রামের শামছুদ্দিনের ছেলে এবং ইসলামিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। শেরপুরের লাশটি মো. মোবারক হোসেনের (২২)। তিনি হাওড়াগড় গ্রামের মো. জিয়ারউদ্দিনের ছেলে।
ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সোমবার রাতে শরীফ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরিবারের সদস্যরা নানা জায়গায় খুঁজেও তাঁকে পাননি। গতকাল সকালে বাগান মধ্যপাড়া গ্রামের একটি কলাবাগানের ভেতর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কী কারণে শরীফকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে হত্যার কারণ উদ্ঘাটন করা সহজ হবে।
শেরপুর থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মো. মোবারক হোসেন প্রায় দুই মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর বাবা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার সন্ধ্যার দিকে তাঁর মামা সাপমারী গ্রামের আব্দুল করিম বাড়িসংলগ্ন মজাপুকুরের কাছে গেলে দুর্গন্ধ পান। এ সময় তিনি পুকুরের কচুরিপানার ওপর লাশ ভেসে থাকতে দেখেন। পুলিশ সোমবার রাত আটটার দিকে গিয়ে লাশটি উদ্ধার করে। পরিধেয় কাপড় দেখে বাবা জিয়ারউদ্দিন লাশটি শনাক্ত করেন।
সদর থানার ওসি মো. নজরুল ইসলাম গতকাল বলেন, এ ঘটনায় জিয়ারউদ্দিন অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। দুপুরে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।