ত্রিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মাদলারগোপ গ্রামে জেসমিন খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, আনুমানিক ছয় মাস আগে মাদলারগোপ গ্রামের মোবারক হোসেনের সঙ্গে বিয়ে হয় জেসমিন খাতুনের। জেসমিনের বাড়ি একই উপজেলার কাকচর উত্তরপাড়া গ্রামে। গত মঙ্গলবার রাতে ঘরের আড়ার সঙ্গে জেসমিনের ঝুলন্ত লাশ দেখতে পায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশকে খবর দিলে গতকাল বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জেসমিনের পরিবারের দাবি, বিয়ের পর থেকে মোবারক ও তাঁর পরিবারের লোকজন জেসমিনকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। যৌতুকের জন্য চাপ দেওয়ায় জেসমিন আত্মহত্যা করেছেন।
গতকাল সকাল থেকে মোবারক ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে। পলাতক থাকায় চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশ ঝুলন্ত অবস্থায় জেসমিনের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় জেসমিনের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।