ত্রিশালে চাঁদার দাবিতে ভাঙচুর ও মারধরের অভিযোগ, গ্রেপ্তার ১
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গত সোমবার রাতে চাঁদার দাবিতে তিনটি লেগুনা ভাঙচুর ও একজন পরিবহনশ্রমিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে রাতে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ ঘটনায় হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা-পুলিশ ও পরিবহনশ্রমিকদের সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলা সদরের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনশ্রমিকদের কাছে কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করেন। তা না দেওয়ায় রাত আটটার দিকে ওই ব্যক্তি ও তাঁদের সহযোগীরা বাসস্ট্যান্ড এলাকায় তিনটি লেগুনা ভাঙচুর করেন। এ সময় ত্রিশাল উপজেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আনারুল ইসলামকে মারধর করা হয়। এর প্রতিবাদে রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত দরিরামপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন পরিবহনশ্রমিকেরা। পুলিশ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পরে শ্রমিকেরা চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দিয়ে জিলানী (২৮) নামের স্থানীয় এক সাংবাদিককে পুলিশে সোপর্দ করেন। গতকাল তাঁকেসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন আনারুল ইসলাম।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, চাঁদার দাবিতে গাড়ি ভাঙচুর ও পরিবহনশ্রমিককে মারধরের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। এতে জিলানীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।