ত্রিশালে ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করেছেন।

অপহৃত ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, মাদ্রাসায় আসা-যাওয়ার সময় আবদুল আজিজ নামের এক তরুণ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। আজিজের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে। তিনি ত্রিশাল উপজেলার রায়েরগ্রামের এক ব্যক্তির ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করতেন। গত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে রায়েরগ্রাম এলাকায় আবদুল আজিজ দুই থেকে তিনজন তরুণের সহায়তায় ওই ছাত্রীকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যান।

অপহৃত মাদ্রাসাছাত্রীর বাবা বলেন, ‘আবদুল আজিজ বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে খারাপ কথা বলে উত্ত্যক্ত করে আসছিল।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এই ঘটনায় ওই ছাত্রীর বাবা আজিজসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।