ত্রিশালে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ১
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। এ সময় নিহত ব্যক্তির কাছে থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে উপজেলার উকিলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সোয়া আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজির শিমলা এলাকা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে অজ্ঞাত এক ব্যক্তি। বিষয়টি স্থানীয়রা কাজির শিমলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে জানায়। পরে ত্রিশাল থানা-পুলিশ মহাসড়কে অবস্থান নেয়। সন্দেহভাজন ছিনতাইকারী ব্যক্তি মহাসড়ক দিয়ে না গিয়ে ত্রিশাল উপজেলার উকিলবাড়ি এলাকার একটি ছোট সড়কে ঢুকে পরে। ছিনতাইয়ের খবর পেয়ে উকিলবাড়ি এলাকার ওই সড়কে আগে থেকে লোকজন অবস্থান নেন। ওই সড়কে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়রা জেরা করলে ওই ব্যক্তি গুলি করে পালানোর চেষ্টা করেন। এ সময় উকিলবাড়ি এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওই ব্যক্তিকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। রাত নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিহত ব্যক্তির বাড়ি দূরে কোথাও হবে।