ত্রিশালে নবনির্বাচিত মেয়রের বিরুদ্ধে হত্যা মামলা
ময়মনসিংহের ত্রিশালে যুবলীগের নেতা মো. পারভেজকে (২৫) কুপিয়ে হত্যার অভিযোগে নবনির্বাচিত মেয়র এবিএম আনিছুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে পারভেজের বাবা মো. ইব্রাহীম ত্রিশাল থানায় ওই মামলা করেন।
গত শুক্রবার রাত ১০টার দিকে ত্রিশাল পৌর শহরের চরপাড়া এলাকার নিজের বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তরা পারভেজকে কুপিয়ে আহত করে। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পারভেজ ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পারভেজের স্বজন ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, পৌরসভা নির্বাচনে পারভেজ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে কাজ করেন। নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবিএম আনিছুজ্জামান। নির্বাচনের পর থেকে আনিছুজ্জামানের কর্মীরা পারভেজসহ জাহিদুলের কর্মীদের হুমকি দিয়ে আসছিল।
নবনির্বাচিত মেয়র আনিছুজ্জামান হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর ও তাঁর কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচনে হেরে আওয়ামী লীগ প্রার্থী আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। আমার জানামতে, পারভেজ পারিবারিক বিরোধের কারণে খুন হয়েছেন।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান নবনির্বাচিত মেয়রসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।