ত্রিশালে যুবলীগ নেতার 'সমর্থকদের' হামলায় আ.লীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়ায় ইউনিয়ন যুবলীগ কর্মীদের হামলায় আওয়ামী লীগের এক কর্মী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বালিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত দুটি কেন্দ্রের নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার রেলস্টেশন এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তির নাম সাইফুল মোল্লা (৪৫)। তাঁর বাড়ি বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রামে। তিনি ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। হামলায় আওয়ামী লীগের বেশ কয়েকজন সমর্থক আহত হন।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, অনিয়মের অভিযোগে গত ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বালিপাড়া ইউনিয়নের বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিয়ারা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ৩১ অক্টোবর ওই দুটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল বারীর নেতৃত্বে যুবলীগের একটি অংশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ বাদলের বিপক্ষে কাজ করেন। ভোটের দুই দিন পর আওয়ামী লীগ সমর্থকেরা আবদুল বারীর বাড়িতে হামলা করে ভাঙচুর করেন।
পুলিশ জানায়, গতকাল দুপুরে বালিপাড়া রেলস্টেশন এলাকায় একটি দোকানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী বসে কথা বলছিলেন। তখন আবদুল বারী ও তাঁর ভাই আবদুল বাতেনের নেতৃত্বে ২০-২৫ জন দল রামদা, দা ও ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় সাইফুল মোল্লার বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল বলেন, আবদুল বারীর লোকজন আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা করেছে।
আবদুল বারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমার লোকজন হামলা চালায়নি। নির্বাচনে আমি ব্যক্তিগত কারণে কোনো পক্ষের হয়েই কাজ করিনি।’
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বলেন, আবদুল বারীর নেতৃত্বে হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।