থাইল্যান্ডে আরও ৩০ কবরের সন্ধান
থাইল্যান্ডের শংখলা প্রদেশের হাত ইয়াই জেলার গভীর জঙ্গলে গতকাল বৃহস্পতিবার আরও ৩০টি কবরের সন্ধান পাওয়া গেছে। তবে এ কবরগুলোতে কতজন অভিবাসীর কঙ্কাল বা দেহাবশেষ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে গত শুক্রবার থেকে গত বুধবার পর্যন্ত ছয় দিনে ওই জঙ্গলের বিভিন্ন স্থান থেকে ৩২ জন অভিবাসীর দেহাবশেষ ও তিনজনের কঙ্কাল উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ ও জীবিত উদ্ধার হওয়া কয়েক অভিবাসীর ভাষ্য, এসব দেহাবশেষ ও কঙ্কাল পাচারকারীদের ঘাঁটি বা বন্দিশিবিরে হত্যার শিকার বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের।
এদিকে নতুন করে ৩০টি কবরের সন্ধান পাওয়ার পর পাচারে জড়িত সন্দেহে ৫০ পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আর ১৮ জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। খবর বিবিসি, এএফপি, রয়টার্স, সিনহুয়া ও ব্যাংকক পোস্টের।
হাত ইয়াই এলাকায় পাচারকারীদের একটি বন্দিশিবিরে পরিত্যক্ত এক কবরস্থানে সকালে পুলিশ ওই নতুন কবরগুলোর সন্ধান পায়। এর অবস্থান হাত ইয়াই জেলার তামবন চালাং এলাকার বান চালাং গ্রামে। গ্রামবাসী বলছেন, প্রায় ৪০ বছর ধরে পরিত্যক্ত ছিল এই কবরস্থান। এর আগে এখানে ছয়জনের কবর ছিল। নতুন করে পাওয়া কবরগুলো বছর খানেকের পুরোনো হতে পারে।
কর্মকর্তারা গতকাল বলেন, গত সপ্তাহে সাদাও জেলার পাদাং বেসার শহরে একটি বন্দিশিবিরে সন্ধান পাওয়া ২৬টি কবরের (গণকবর) অনুরূপ নতুন কবরগুলো। নতুন কবরগুলোর পরীক্ষামূলক খনন এখনো শুরু হয়নি।
গতকাল রাত্তাফাম জেলার বান খলং তর এলাকার কাছে একটি রাবার বাগানে পাচারকারীদের এক পুরোনো বন্দিশিবিরেরও সন্ধান পায় পুলিশ। এ নিয়ে এ কয়দিনে তাদের অন্তত ছয়টি ঘাঁটির সন্ধান পাওয়া গেল। পুলিশের ধারণা, গতকাল পাওয়া ঘাঁটিটি সাদাও এলাকা থেকে অভিবাসীদের মালয়েশিয়া পাচার করার আগে একটি বিশ্রামস্থল হিসেবে ব্যবহার করত পাচারকারীরা।
একই দিন পুলিশ পাদাং বাসার শহরের পার্বত্য এলাকা খাও কিউয়ের জঙ্গলের ধার ঘেঁষে চলার সময় ১৩ জন রোহিঙ্গা অভিবাসীকে খুঁজে পায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঁরা বলেন, পাচারকারীরা তাঁদের এই জঙ্গলে ফেলে গেছে। এর আগে পাচারকারীরা মিয়ানমার থেকে নৌকায় করে সাগরপথে থাইল্যান্ডের সাতুন প্রদেশে নিয়ে আসে তাঁদের। তখন তাঁদের সঙ্গে ছিলেন আরও ১৭ জন।
৫০ পুলিশ কর্মকর্তা বদলি: পাচারকারীদের সঙ্গে জড়িত থাকার সন্দেহে থাইল্যান্ডের অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। একের পর এক পাচারকারীদের ঘাঁটি মিলতে থাকার প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চাঁন-ওচা এ ব্যাপারে এক তদন্তের নির্দেশ দেওয়ার পর গতকাল পুলিশপ্রধান এ খবর জানান।
পুলিশপ্রধান সোময়ুত পুমপানমাং বলেন, সংশ্লিষ্ট এলাকার কমান্ডাররা মানব পাচারের সঙ্গে কারা জড়িত, তা জানেন। আর তাই এ ইস্যুতে ৫০ জনের বেশি পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানা: পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাই সরকার। এর আগে এই পাচারকাজে জড়িত সন্দেহে চার সরকারি কর্মকর্তা ও মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়।
প্রাদেশিক পুলিশের কর্মকর্তা ফুথিচার্ট বলেন, যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক। তাঁরা বন্দিশিবির পাহারা দিতেন। আর সাতজন সরকারি কর্মকর্তা।
ঘাঁটিটি উচ্ছেদে সময়সীমা: পাচারকারীদের সব ঘাঁটি খুঁজে বের করে সেগুলো নির্মূল করতে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন জান্তা সরকারের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সময়সীমার ব্যাপারে সরকারের উপমুখপাত্র সানসার্ন কায়কামনার্দ গতকাল বলেন, এ সময়ের পর কোনো অবৈধ বন্দিশিবির পাওয়া গেলে কর্মকর্তাদের সাজা পেতে হবে।
থাই পুলিশ জানায়, শংখলা প্রদেশে মানব পাচারকারীদের বড় ঘাঁটি ছিল বলে তাদের ধারণা। সম্ভবত কিছুদিন আগে তারা এলাকাটি ছেড়ে গেছে। নৌকায় করে বাংলাদেশি ও রোহিঙ্গাদের এখানকার বিভিন্ন ঘাঁটিতে এনে আটকে রাখা হতো। পরে স্বজনদের কাছ থেকে আদায় করা হতো মুক্তিপণ। টাকা দিতে না পারায় অনেকে দীর্ঘ সময় বন্দী থেকে অনাহারে ও রোগে মারা গেছেন।