থাইল্যান্ডে পাচারের শিকার ৫৩ জনকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের শিকার ৫৩ জনকে থাইল্যান্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই থাই নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। কর্মকর্তারা গতকাল রোববার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া ৫৩ ব্যক্তির মধ্যে কয়েকজন বাংলাদেশি এবং বেশির ভাগই মিয়ানমারের রোহিঙ্গা উদ্বাস্তু। দেশটির দক্ষিণাঞ্চলে সমুদ্র উপকূলীয় ফেং গা এলাকার একটি রাবার বাগান থেকে গত শনিবার তাঁদের উদ্ধার করা হয়। তাকুয়া পা জেলার পুলিশ কর্মকর্তা নাপাদোন থিরাপাওয়াত এ কথা জানান। তিনি বলেন, এই ব্যক্তিদের অবৈধ অভিবাসী না বলে বরং পাচারের শিকার বলে গণ্য করা হবে।
৫৩ ব্যক্তিকে উদ্ধারের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় এক কর্মকর্তা বলেন, এই ব্যক্তিদের অধিকাংশই প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় কক্সবাজার জেলায় জাতিসংঘ পরিচালিত রোহিঙ্গা উদ্বাস্তুদের আশ্রয়স্থল থেকে অপহৃত হন।
তাকুয়া পা জেলার প্রধান শনিবার বলেন, এই ব্যক্তিদের প্রাথমিকভাবে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করে থাইল্যান্ডের কেন্দ্রস্থলে নিয়ে যাওয়া হয়েছে।