থাইল্যান্ডে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মানস কংপানসহ ৭২ জনকে শিগগিরই অভিযুক্ত করার নির্দেশ জারি করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। তাঁদের বিরুদ্ধে মানব পাচারসহ ১৬টি অভিযোগ আনা হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে। গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। খবর ব্যাংকক পোস্ট ও গার্ডিয়ানের।
সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র ওয়ানচাই রাউজানাভং বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এই ইস্যুটিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে একটি বড় গ্রুপ আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। পাচারের শিকার মানুষের মরদেহ পাওয়ার ঘটনায় দেশের বড় ধরনের সুনামহানি ঘটেছে। তিনি জানান, যে ৭২ জনকে শিগগিরই অভিযুক্ত করার নির্দেশনা জারি হয়েছে, তাদের বিরুদ্ধে মানব পাচার ছাড়াও অবৈধভাবে বিদেশি শ্রমিক থাইল্যান্ডে আনা, অপরাধ কার্যক্রমে জড়িত থাকা, সরকারি দায়িত্ব লঙ্ঘন করাসহ মোট ১৬টি অভিযোগ আনা হয়েছে।
মুখপাত্র ওয়ানচাই বলেন, মানব পাচারে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মানস কংপান ছাড়াও ১৫ জন সরকারি, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা আছেন। পুলিশের বরাত দিয়ে ওয়ানচাই জানান, মানব পাচারের অভিযোগে এ পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ৪৫ জনের বিরুদ্ধে। সন্দেহভাজনদের কেউই জামিন পাবেন না বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ওয়ানচাই বলেন, ‘কোনো প্রভাবশালী ব্যক্তিকেই আমরা বিচারের ঊর্ধ্বে রাখব না। বিদেশি যারা এ ঘটনায় জড়িত, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফেরত পাঠানো হবে।’
থাই পুলিশের উপপ্রধান আয়েক অংসানানন্ত বলেন, থাইল্যান্ডে মানব পাচারের অভিযোগ তদন্তের ইতিহাসে এটাই সবচেয়ে বড় তদন্তের ঘটনা।
এদিকে মানব পাচারের অভিযোগে থাই অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে যে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে, তাঁদের মধ্যে চারজন বাংলাদেশিও আছেন। মিয়ানমারের রোহিঙ্গা আছেন নয়জন। অন্যরা থাইল্যান্ডের নাগরিক।
থাইল্যান্ডের পুলিশ দাবি করছে, তারা সফলভাবে মানব পাচার চক্রকে ভেঙে দিতে সক্ষম হয়েছে। যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে, বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকায় এমনিতেই এই সময়ে সাগর পাড়ি দেওয়ার ঝুঁকি নেয় না পাচারকারীরা। তাই বর্ষা মৌসুম শেষ হলে বোঝা যাবে থাই পুলিশ পাচারকারীদের বিরুদ্ধে কতটা সফল হয়েছে।
গত ১ মে থাইল্যান্ডের সংখলায় পাচারের শিকার হওয়া মানুষের গণকবরের সন্ধান পাওয়া যায়। এরপর আরও কয়েকটি গণকবর পাওয়া যায়, যেখানে সন্ধান মেলে বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের দেহাবশেষের। এরপর আন্তর্জাতিক চাপের মুখে মানব পাচারবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করে থাইল্যান্ড।