থানচিতে আটক মিয়ানমারের তিন নাগরিকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
বান্দরবানের থানচিতে আটক মিয়ানমারের তিন নাগরিকসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে।
গত বুধবার থানচির বলীপাড়ায় বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরের তল্লাশিচৌকিতে জেলা শহর থেকে থানচিগামী দুটি চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে দুই ইউপি সদস্য ও মিয়ানমারের তিনজন নাগরিকসহ ছয়জনকে বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা গাড়ি দুটি তাঁদের দাবি করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।
তবে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, সরকারি দলের কোনো নেতা তাঁদের কাছে তদবির করেননি।
বিজিবির জব্দ তালিকায় উল্লেখ করা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৪০০ প্যাকেট সিসার বল, ৫০টি জলপাই রঙের গেঞ্জি, গাছ কাটার বৈদ্যুতিক করাত, আড়াই লাখ টাকা, ৮০ হাজার কিয়েটসহ (মিয়ানমারের মুদ্রা) ৮৬ ধরনের সরঞ্জাম পাওয়া গেছে। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আরও রয়েছে ৪৯টি রেডিও, ৫০টি কম্বল, ৩৫০টি হাফপ্যান্ট, ১২টি জাল জাতীয় পরিচয়পত্র, ৯১টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
থানচি থানার ওসি মুত্তালিব হোসেন বলেন, মিয়ানমারের তিন নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। দুই ইউপি সদস্যসহ তিনজনকে বিশেষ ক্ষমতা আইনে করা মামলার আসামি করা হয়েছে।