থানচিতে মিয়ানমারের তিন নাগরিকসহ ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি বলীপাড়ায় গতকাল বুধবার বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরের চেকপোস্টে দুই ইউপি সদস্য ও মিয়ানমারের তিনজন নাগরিকসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা, বিপুল পরিমাণ ওষুধপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও কাপড়চোপড় উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, দুপুরে বান্দরবান জেলা শহর থেকে মালামাল বোঝাই দুটি চাঁদের গাড়ি থানচির দিকে যাওয়ার সময় চেকপোস্টে বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করেন। সেখানে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা গাড়ি দুটি তাঁদের দাবি করে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। তখন বিজিবির সদস্যরা গাড়ি তল্লাশি ও গাড়িতে থাকা লোকজনকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের আরাকান প্রদেশের বুসিডং টাউনশিপের নুইং জিং, মংডু টাউনশিপের ওয়ান মং, আরাকান প্রদেশের রাজধানী সিটওয়ের বা আকিয়াবের বাসিন্দা কেউ থান, থানচি উপজেলার রেমাক্রি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মাংসং¤রা, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাইওয়াই মারমা, বড় মদক বাজারের বাসিন্দা হ্লাথোয়াই সিং ওরফে হ্লামং মারমা।
বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাড়িতে পাওয়া বিপুল পরিমাণ ওষুধপত্র, টর্চলাইট, কম্পিউটার মনিটর ও বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী পরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশের ও মিয়ানমারের জাতীয় পরিচয়পত্রগুলো যাচাই করা হবে।
বলীপাড়া ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, মিয়ানমারের আটক তিন নাগরিকের ভাষা বোঝা যাচ্ছে না। এ জন্য তাঁদের প্রকৃত পরিচয় এবং কোথায়, কী উদ্দেশ্যে যাচ্ছেন জানা যায়নি। যাঁরা নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করছেন, তাঁরাও কোনো কিছু বলতে চাচ্ছেন না। আটক মিয়ানমারের তিন নাগরিক সে দেশের কোনো বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলের সদস্য কি না জানতে চাইলে লে. কর্নেল কামরুল বলেন, তাঁরা বিদেশি নাগরিক নিশ্চিত, তবে কী করেন তা জানা যাচ্ছে না।
থানচি থানার ওসি মুত্তালিব হোসেন বলেন, থানচি থানায় আসামি ও মালামাল রাখার জায়গা নেই। এ জন্য নিরাপত্তাজনিত কারণে আটক ব্যক্তিদের বান্দরবান সদর থানার হাজতখানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।