থানা চত্বরে লাশ রেখে ভেতরে মীমাংসা!
ময়মনসিংহের নান্দাইলে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তাঁর ছেলেরা অভিযোগ করলে পুলিশ গত শুক্রবার রাতে বৃদ্ধের লাশ থানায় নিয়ে যায়। গতকাল শনিবার সকালে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে আয়োজিত সালিসে একাধিক শর্তে অভিযোগের মীমাংসার পর বেলা একটার দিকে লাশ বাড়িতে নিয়ে যান ছেলেরা।
নিহত ব্যক্তির নাম মো. তাইজুদ্দিন (৬৫)। তিনি উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
তাইজুদ্দিনের মেয়ে রেখা আক্তার বলেন, শুক্রবার মাগরিবের নামাজের পর তাঁর বাবা বাড়িতে এসে শরীর খারাপের কথা জানান। পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠলে পুলিশ গ্রামে গিয়ে তাঁর বাবার লাশ থানায় নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে দুই মাস আগে তাইজুদ্দিনের ছেলেদের সঙ্গে প্রতিবেশী আবদুল হেলিমের ছেলেদের মারামারি হয়। হেলিমের ছেলে মো. ফারুক গতকাল বলেন, মারামারির ঘটনায় তাঁদের পক্ষের কয়েকজন আহত হন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে তাইজুদ্দিনের ছেলেদের অভিযুক্ত করে থানায় অভিযোগ দেন। কিন্তু অজ্ঞাত কারণে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করেনি পুলিশ। তবে ওসি মো. আতাউর রহমান বলেন, এ অভিযোগ সত্য নয়। তিনি কোনো অভিযোগ পাননি।
ফারুক বলেন, মারামারির ঘটনায় মামলা না নেওয়ায় তিনি বাধ্য হয়ে গ্রাম্য সালিসের মীমাংসা মানতে বাধ্য হন। ফারুক ও ওই ঘটনায় বসা সালিসে উপস্থিত গ্রামের আলাউদ্দিন বলেন, সালিসে তাইজুদ্দিনের ছেলেদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানার টাকা পরিশোধের নির্ধারিত তারিখ ছিল শুক্রবার।
সে দিনই তাইজুদ্দিন মারা যান। তাইজুদ্দিনের মৃত্যুকে অস্বাভাবিক বলে দাবি করেন তাঁর ছেলেরা। তাঁরা মৃত্যুর পেছনে হেলিমের ছেলে ফারুক ও তাঁর অন্য ভাইদের হাত রয়েছে বলে গ্রামে প্রচার চালান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সারা রাত বৃদ্ধের লাশ পুলিশের দেওয়া ব্যাগের ভেতরে ভরে থানা চত্বরে রাখা হয়।
তাইজুদ্দিনের ভাতিজা জালাল উদ্দিন গতকাল বলেন, ‘চাচার মৃত্যুর ঘটনাটি মীমাংসা হয়েছে।’ ফারুক বলেন, ‘বৃদ্ধ তাইজুদ্দিনের মৃত্যুটি ছিল স্বাভাবিক। কিন্তু সালিসে ধার্য করা জরিমানার টাকা যাতে পরিশোধ করতে না হয়, সে জন্য তাঁর মৃত্যুর ঘটনার সঙ্গে আমাদের জড়ানোর চেষ্টা করা হয়েছিল।’ তিনি আরও বলেন, মারামারির ঘটনায় মামলা নিলে এ ধরনের ঘটনার উদ্ভব হতো না। এখন জরিমানার টাকা মাফ ও থানায় দেওয়া ওই অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার শর্ত বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে।
ওসি বলেন, উভয় পক্ষ থানায় এসে তাঁকে জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই। ঘটনাটি তাঁরা নিজেরাই মীমাংসা করে নিয়েছেন। উভয় পক্ষের বক্তব্য কাগজে লিখে স্বাক্ষর নিয়ে দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে। তবে দুই পক্ষের মধ্যে কোনো লেনদেন হয়েছে কি না, তা তাঁর জানা নেই। এমনকি কোনো শর্তের কথাও তিনি জানেন না।