থানা থেকে আসামির পলায়ন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের চোখ ফাঁকি দিয়ে যশোর কোতোয়ালি থানা থেকে নূর নবী ওরফে মোশফেক সোহেল (২৫) নামের এক আসামি পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সোহেলের স্বজনেরা অভিযোগ করেছেন, পুলিশ সোহেলকে পুলিশ লাইনে আটক রেখে পালিয়ে যাওয়ার নাটক সাজিয়েছে।

পুলিশ জানিয়েছে, আজ বুধবার দুপুরে হ্যান্ডকাপ পরা অবস্থায় তিনি থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামিম ও কনস্টেবল আকরাম হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, আদালতে চালান দেওয়ার জন্য আজ দুপুরে আসামি সোহেলকে থানাহাজত থেকে বের করা হয়। গাড়িতে তোলার সময় হ্যান্ডকাপ পরা অবস্থায় তিনি পুলিশের হাত থেকে পালিয়ে যান। সোহেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিভিন্ন অপরাধের আটটি মামলা রয়েছে।

আজ বিকেলে সোহেলের ভগ্নিপতি জেলা শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান যশোর প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের জানান, পুলিশ বেলা দুইটার দিকে থানাহাজত থেকে সোহেলকে বের করে একটি গাড়িতে তুলে পুলিশ লাইনের দিকে নিয়ে যায়। তিনিসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা ব্যাটারিচালিত রিকশায় করে পুলিশের গাড়িটি অনুসরণ করেন। গাড়িটি সোহেলকে নিয়ে সোজা পুলিশ লাইনে ঢুকে যায়। সোহেলকে পুলিশ সেখানেই আটকে রেখে পালিয়ে যাওয়ার কাহিনি সাজিয়েছে।

এ অভিযোগ অস্বীকার করে ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘কে কী অভিযোগ করেছে জানি না। আমরা জানি, আসামি সোহেল থানা থেকে পালিয়ে গেছেন। এ জন্য দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের দুজন সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’