থানা থেকে তিন মাদকসেবীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চারকান্দা গ্রামে গত শনিবার রাতে অভিযান চালিয়ে মাদকসেবী সন্দেহে চারজনকে আটক করে পুলিশ। পরে টাকা নিয়ে থানা থেকে তিনজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার ও চারকান্দা গ্রামের বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে চারকান্দা গ্রামের একটি ঘরে অভিযান চালিয়ে একই গ্রামের আবদুস সাত্তার, ফারুক মিয়া, মাতবর মিয়া ও পাশের দশালিয়া গ্রামের সুমন মিয়াকে আটক করে পুলিশ। পরে তাঁদের থানায় নিয়ে যায়। তাঁদের মধ্যে সুমনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য তিনজনকে টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।

জানতে চাইলে মাতবর মিয়ার মা হালিমা খাতুন বলেন, তাঁর ছেলে শনিবার সন্ধ্যায় গরুর খাদ্য আনতে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পরে পাড়ার সাত্তার তাঁকে আড্ডায় ডেকে নিয়ে যান। সেখান থেকে পুলিশ অন্য তিনজনের সঙ্গে মাতবরকেও আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশকে ১০ হাজার টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে আনা হয়।

ফারুক মিয়ার স্ত্রী হোসনা আক্তার বলেন, তাঁর স্বামীকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে তিনি কোনো উপায় না পেয়ে বাবার বাড়ির গ্রামের এক ব্যক্তির কাছ থেকে মাসিক ১ হাজার টাকা সুদে ১০ হাজার টাকা এনে পুলিশকে দেন। এর বিনিময়ে তাঁর স্বামীকে ছেড়ে দেয় পুলিশ।

সাত্তারের বাবা ইসহাক মিয়া বলেন, গ্রামের প্রতিপক্ষ ষড়যন্ত্র করে তাঁর ছেলেকে পুলিশে ধরিয়ে দেয়। দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর ছেলে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে আসে। ছাড়া পাওয়া প্রসঙ্গে সাত্তারের মা রাবিয়া খাতুন বলেন, তাঁর এক নাতি থানা থেকে সাত্তারকে ছাড়িয়ে এনেছেন। টাকা লেগেছে কি না, জানতে চাইলে রাবিয়া বলেন, ‘আমার নাতি কিছু দিয়া সমাধান করছে। তবে কত দিছে, তা কইতাম পারতাম না।’

তবে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সুমনের কাছে ১০টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। তাই তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে সন্দেহের বশে আটক করা হয়েছিল। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

জুয়াড়ি সন্দেহে গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সংগ্রামকেলি বাজারের একটি চায়ের দোকান থেকে ১১ জনকে আটক করে পুলিশ। পরে চারজনকে টাকার বিনিময়ে পুলিশ ছেড়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল ‘টাকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।