থানা থেকে দুই আসামির পলায়ন
চাঁদপুর সদর থানা থেকে গত মঙ্গলবার রাতে দুই আসামি পালিয়ে গেছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও গতকাল বুধবার রাত আটটা পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রের ভাষ্য, সদরের বাবুরহাট এলাকার মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. সাগর হোসেনকে (৩০) গত সোমবার রাতে গ্রেপ্তার করেন থানার এএসআই আহসানুজ্জামান। মঙ্গলবার সাগরকে আদালতে নেওয়া হলে তিনি জামিনে রয়েছেন জানতে পেরে পুলিশ তাকে পুনরায় থানায় নিয়ে যায়। মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের প্রফেসরপাড়ার হাফেজ (২৫) ও কসাই কালু (৩০) নামে দুই ব্যক্তি প্রেসক্লাব এলাকায় এক ব্যক্তির কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। তখন জনতা তাদের ধাওয়া করে। হাফেজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সাগর ও হাফেজ হাতকড়া পরা অবস্থায় থানার কর্তব্যরত কর্মকর্তার কক্ষ থেকে পালিয়ে যায়।
পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ওই দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের পালানোর ঘটনার তদন্ত চলছে।