ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মহাসড়কে অবৈধ যান জব্দে পুলিশের অভিযানের প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। পরে শ্রমিকেরা হাইওয়ে থানায় জব্দ থাকা আটটি নছিমন জোর করে নিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে নান্দাইল চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করা হয়। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ঢাকা-তাড়াইল এবং নেত্রকোনা-ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ থাকে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে চৌরাস্তা এলাকায় পুলিশ পাঠানো হয়। বেলা দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল বেড়ে গেছে। এর মধ্যে গত বুধবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইলের কানুরামপুর পশ্চিম বাসস্ট্যান্ড এলাকায় নছিমন থেকে পড়ে একজন নিহত হন। গত ৩ মে চামটা বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় এক নছিমনচালক নিহত হন। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আগাম পদক্ষেপ হিসেবে গতকাল সকাল থেকে মহাসড়কে অবৈধ নছিমন জব্দ করা শুরু করেন তাঁরা। এ বিষয়ে স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনাও রয়েছে। কিন্তু সরকারি দায়িত্ব পালনে পুলিশকে সহায়তা করার বদলে স্থানীয় পরিবহন শ্রমিকেরা এতে বাধা দিতে শুরু করেন। এ কাজে মদদ দেন নান্দাইল চৌরাস্তা এলাকায় অবস্থিত মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতারা। তাঁদের নির্দেশে শ্রমিকেরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে শ্রমিকেরা থানায় জব্দ থাকা আটটি নছিমন জোর করে নিয়ে যান। এ ঘটনা হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
ঘটনার চারজন প্রত্যক্ষদর্শী বলেন, নছিমনগুলো থানার সামনে থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে নান্দাইল চৌরাস্তার মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নন্দন মিয়া বলেন, সারা দেশে নছিমন চলতে পারলে নান্দাইলে ব্যতিক্রম হবে কেন? পুলিশ নছিমন জব্দের বাণিজ্য করছে। সারা দিন জব্দ করে রেখে সন্ধ্যার পর টাকার বিনিময়ে নছিমন ছাড়া হয়। শ্রমিকেরা শুধু এ অপকর্মের প্রতিবাদ করেছেন।
এ অভিযোগ অস্বীকার করে হাইওয়ে থানার ওসি অহিদুজ্জামন প্রথম আলোকে বলেন, মহাসড়কের বিশাল চৌরাস্তা দখল করে অবৈধ যানবাহনের অবৈধ স্ট্যান্ড বসিয়ে কারা লাখ লাখ টাকার চাঁদাবাজি করছে—তার খোঁজ করে দেখুন। তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।