থানা থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শরফুদ্দিন সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের মার্চে নারায়ণগঞ্জ সদরের দেওভোগ এলাকার রাকিবুল হাসান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে কবিরসহ কয়েকজনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়। গত বৃহস্পতিবার কবিরকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু থানায় জিজ্ঞাসাবাদ করার সময় কবির কৌশলে পালিয়ে যান।
এএসপি শরফুদ্দিন আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কবিরকে আজ গ্রেপ্তার করা হয়। পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে থানায় আরেকটি মামলা করা হয়েছে।