থানা থেকেই 'হাওয়া' গ্রেপ্তার ২০১ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি দমনে চলমান সাঁড়াশি অভিযানের প্রথম চার দিনে বগুড়ায় গ্রেপ্তার ৩৭২ জনের মধ্যে ২০১ জনেরই হদিস মিলছে না। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাত্র ১৭১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ উঠেছে, সাঁড়াশি অভিযানের নামে নানা অভিযোগে লোকজনকে আটক করে থানায় আনা হচ্ছে। কিন্তু থানা থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

তবে পুলিশের বিরুদ্ধে আটক-বাণিজ্যের এমন অভিযোগ অস্বীকার করেছেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘গণমাধ্যমকে দেওয়া তথ্যের সঙ্গে থানা-পুলিশের গ্রেপ্তার করা আসামির সংখ্যার হিসাবের গরমিল হওয়ার কথা নয়।’

পুলিশ সুপার বলেন, সুনির্দিষ্ট কিছু মামলায় আসামি থানায় ধরে আনার পরও অনেক সময় পুলিশকে আদালতের জামিনের কাগজ (রিকল) দেখানো হয়। এ কারণে আদালতের নির্দেশ পালন করতে থানা থেকে আসামি ছাড়তে হয়। এ ক্ষেত্রে কোনো বাণিজ্য হয়নি।

যদিও গত চার দিনে আদালতের রিকলের ভিত্তিতে ছেড়ে দেওয়া আসামির সঠিক সংখ্যা কত, তা নিশ্চিত করে বলতে পারেননি এসপি।

এই প্রতিবেদকের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমানের পাঠানো তথ্য অনুযায়ী, গত চার দিনে জেএমবির ২০ সদস্যসহ ৩৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১১ জুন (১০ জুন ভোর ছয়টা থেকে ১১ জুন ভোর ছয়টা) ১১ জন জেএমবি সদস্যসহ ৯০ জন, ১২ জুন পাঁচ জেএমবি সদস্যসহ ৮৬ জন, ১৩ জুন জেএমবির তিন সদস্যসহ ১০০ জন এবং ১৪ জুন জেএমবির একজন সদস্যসহ ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বগুড়া জেলা জজ আদালত এবং সবগুলো বিচারিক হাকিম আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, ১১ থেকে ১৪ জুন পর্যন্ত বিভিন্ন মামলায় মোট ১৭১ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে ১১ জুন ৩৭, ১২ জুন ৪৩, ১৩ জুন ৪৫ এবং গতকাল ১৪ জুন ৪৬ জনকে আদালতে হাজির করা হয়েছে।

 বগুড়া কারাগারের জেলার তারেক কামাল প্রথম আলোকে বলেন, গত চার দিনে আদালত থেকে ২০৭ জন নতুন আসামি কারাগারে এসেছেন। এর মধ্যে ১১ জুন ৫৯, ১২ জুন ৫৩, ১৩ জুন ৪৬ এবং ১৪ জুন ৪৯ জন কারাগারে এসেছেন। তাঁদের মধ্যে কিছু পুলিশের গ্রেপ্তার করা আর কিছু আদালতে হাজিরা দিতে এসে জামিন নামঞ্জুর হওয়া আসামি রয়েছেন।

 জেলার বলেন, ‘পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হওয়ার পর তুলনামূলকভাবে কারাগারে নতুন আসামির সংখ্যা অন্য সময়ের চেয়ে বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও তা খুব একটা বাড়েনি। কারণ, অভিযান শুরু হওয়ার আগে ৯ জুন ৬০ এবং ১০ জুন ৩২ নতুন আসামি কারাগারে এসেছেন।’

পুলিশের পাঠানো খুদে বার্তায় বগুড়া সদর থানায় গত চার দিনে ৯০ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ১১ জুন ২৬, ১২ জুন ২০, ১৩ জুন ২৭ এবং ১৪ জুন ১৭ আসামি গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছে।

 তবে আদালত সূত্র জানিয়েছে, সদর থানা থেকে চার দিনে ৫৬ জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে ১১ জুন ৯, ১২ জুন ১৯, ১৩ জুন ১৭ এবং ১৪ জুন ১১ জন আসামি আদালতে এসেছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে সদর থানায় ৯০ জন আসামি গ্রেপ্তারের কথা দাবি করা হলেও বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ৫৮ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এই সংখ্যার গরমিল সম্পর্কে বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আছলাম আলী বলেন, ৫৮ জনকে আদালতে পাঠানো ছাড়াও চার দিনে অন্য ১৬ আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে দণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৭৪। অন্য ১৬ জনের কোনো হদিস মেলেনি।