থানা বর্জনের ঘোষণা দিল আওয়ামী লীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ দলের কয়েকজন নেতার নামে ১ ফেব্রুয়ারি মডেল থানায় মামলা হয়েছে। এর প্রতিবাদে ১৫ দিনের জন্য থানা বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মামলার বিষয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও মদদদাতাদের খুঁজে বের করতে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল আমীন সরকারকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
থানা বর্জনের ব্যাখ্যা দিতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম বলেন, থানার কেউ কোনো সভায় থাকলে আওয়ামী লীগের কেউ থাকবেন না। ওপেন হাউস ডেসহ থানার কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগের কেউ যাবেন না।
সভা সূত্রে জানা যায়, উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের গোয়ালপাড়া-বাবুপাড়া গ্রামের ২৫ দশমিক ৭৮ একর জমির মালিকানা নিয়ে ১৯৬৭ সাল থেকে সরকারের সঙ্গে মামলা চলছিল দিনাজপুর শহরের হাসিনা বেগমের। মামলা চলাকালীন তৎকালীন জেলা প্রশাসক (রাজস্ব) ওই ভূমিগুলো পার্বতীপুরের গোয়ালপাড়া-বাবুপাড়া গ্রামের ১৫ জন হিন্দু ও মুসলমানের নামে ১৯৭৩ সাল পর্যন্ত ইজারা দেন।
সর্বশেষ ২০০২ সালে সুপ্রিম কোর্ট জমির প্রকৃত মালিক হিসেবে হাসিনা বেগমের পক্ষে রায় দেন। কিন্তু রায় জানার পরও তৎকালীন ইজারা গ্রহীতা সব্বার কবিরাজ, শিবনাথ, অনন্তসহ ১৫ জনের পরিবার জমির দখল গ্রহণে হাসিনা বেগমকে বাধা দিয়ে আসছিল। বাধ্য হয়ে হাসিনা বেগম দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে উপদেষ্টামণ্ডলীর সদস্য এমদাদুল ইসলাম চৌধুরীর কাছে ২০০২ সালে ওই জমি বিক্রি করে দেন। এসব জমির দখল নিয়ে এমদাদুল ইসলামের লোকজন ও গোয়ালপাড়া-বাবুপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করে। সর্বশেষ গত ২৪ জানুয়ারি এমদাদুল ইসলামের লোকজন জমি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গ্রামবাসী এমদাদুল ইসলামের বিরুদ্ধে তাঁদের মারধর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও গবাদিপশু লুটপাটের অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগ সাজানো ও মিথ্যা বলে দাবি করেন এমদাদুল ও তাঁর লোকজন।
২৪ জানুয়ারির ঘটনায় গোয়ালপাড়া-বাবুপাড়া গ্রামের গণেশ চন্দ্র রায় বাদী হয়ে ১ ফেব্রুয়ারি এমদাদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে অভিযুক্ত করে মামলা করেন। এই মামলায় তাঁরা দুজনসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ভূমিদস্যুদের দাপটের কারণে আদালতের রায় পেয়েও জমিতে যেতে পারছিলেন না এমদাদুল ইসলাম। এমনকি প্রশাসনিক কোনো সহায়তাও পাচ্ছিলেন না তিনি। কোনো রকম তদন্ত ছাড়াই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের নামে থানায় মামলা নিয়েছেন ওসি মাহমুদুল আলম। এর প্রতিবাদ হিসেবে আগামী ১৫ দিন থানা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।