রাজশাহী নগরের বোয়ালিয়ায় ফল জালিয়াতি করে বৃত্তি প্রদানের বিষয়টির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর থানা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তীর কাছে ব্যাখ্যা তলব করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে করা তদন্ত প্রতিবেদনে সার্বিক মন্তব্যে বলা হয়েছে, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক প্রভাবিত হয়ে থানা শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তার মেয়ের ট্যালেন্টপুলে বৃত্তি নিশ্চিত করেছেন এবং নির্দেশিত হয়ে নম্বর টেম্পারিং করায় মেধাবী শিক্ষার্থীরা বৃত্তিলাভ থেকে বঞ্চিত হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম ৯ নভেম্বর থানা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তীকে ফিরতি মেইলে সন্তোষজনক ব্যাখ্যা চেয়েছেন যে, তিনি কীভাবে প্রভাবিত বা নির্দেশিত হয়েছেন। গত রোববার এর জবাবে রাখী চক্রবর্তী বলেছেন, এক বছর আগের ঘটনা এই মুহূর্তে তাঁর ঠিক মনে নেই।