থানা হেফাজত থেকে আসামি নিরুদ্দেশ!
যশোরের কোতোয়ালি থানার পুলিশ বলছে, তাদের কাছ থেকে নূর নবী ওরফে মোশফেক সোহেল (২৫) নামের এক আসামি গতকাল বুধবার পালিয়ে গেছেন। তবে নূর নবীর স্বজনদের অভিযোগ, পুলিশ তাঁকে অন্য স্থানে আটকে রেখে পালানোর নাটক সাজিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, আদালতে নেওয়ার জন্য আসামি নূর নবীকে গতকাল দুপুরে থানার হাজতখানা থেকে বের করা হয়। গাড়িতে তোলার সময় হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে যান। নূর নবীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিভিন্ন অপরাধে আটটি মামলা রয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামিম ও কনস্টেবল আকরাম হোসেনকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।
তবে বিকেলে নূর নবীর ভগ্নিপতি শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান গতকাল বিকেলে যশোর প্রেসক্লাবে যান। এ সময় তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, পুলিশ বেলা দুইটার দিকে থানার হাজতখানা থেকে তাঁকে বের করে একটি গাড়িতে তোলে। এ সময় তিনিসহ পরিবারের সদস্যরা ব্যাটারিচালিত রিকশায় করে গাড়িটি অনুসরণ করেন। গাড়িটি সোজা পুলিশ লাইনসে গিয়ে ঢোকে। তাঁকে পুলিশ সেখানেই আটকে রেখেছে। এখন পুলিশ নূর নবী পালিয়েছেন বলে কাহিনি সাজাচ্ছে।
এ অভিযোগ অস্বীকার করে ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘কে কী অভিযোগ করেছে জানি না। আমরা জানি আসামি নূর নবী থানার ভেতর থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের দুজনকে প্রত্যাহার করা হয়েছে।’