রাজধানীর তেজগাঁও থানাধীন আরজতপাড়ায় এক খ্রিষ্টান পরিবারের বাসায় ঢুকে তিন ভাইবোনকে কুপিয়ে ও গুলি করে আহত করার ঘটনায় দস্যুতার চেষ্টার মামলা হয়েছে। ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশ শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি।
আহত তিনজনের মধ্যে লরেন্স রঞ্জন ডি ক্রুজের (৩৭) বাঁ হাতের রগ কেটে গেছে এবং হাড় ভেঙে গেছে। তিনি ও তাঁর ছোট ভাই আলেক্সজান্ডার রাজেশ ডি ক্রুজ (৩৫) বর্তমানে বেসরকারি গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, দুই ভাই-ই আশঙ্কামুক্ত। তবে তাঁদের সেরে উঠতে বেশ সময় লাগবে।
আহত রঞ্জন ও রাজেশকে গতকাল দুপুরে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসার জন্য গ্রিনলাইফ হাসপাতালে নেন। আর তাঁদের বোন বিপাশা ডি ক্রুজকে (৪৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা গত বৃহস্পতিবার বলেছিলেন, ধারালো অস্ত্রের আঘাতে রঞ্জনের বাঁ হাতের কয়েকটি রগ কেটে গেছে ও হাড় ভেঙে গেছে। রাজেশের ডান হাঁটুতে গুলি লেগেছে, ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মুখমণ্ডল ও হাত জখম হয়েছে।
গত বুধবার দিবাগত গভীর রাতে আরজতপাড়ায় একটি পাঁচতলা বাড়ির দোতলায় নিজ বাসায় তিন ভাইবোন দুর্বৃত্তদের কোপে ও গুলিতে আহত হন।
গতকাল দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরজতপাড়ায় যান এবং ঘটনার বিষয়ে আহত ব্যক্তিদের স্বজনদের কথা শোনেন। তিনি দুর্বৃত্তদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
লরেন্স ও রাজেশের খালাতো ভাই নরবাট জে আর গোমেজ গতকাল প্রথম আলোকে বলেন, তিনি একই বাড়ির পাঁচতলায় ভাড়া থাকেন। চিৎকার শুনে তিনি দ্রুত দোতলায় গিয়ে রক্তাক্ত অবস্থায় তিন খালাতো ভাইবোনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি মনে করেন, সংখ্যালঘু হিসেবে ভয় দেখাতেই এই হামলা হয়েছে।
ওই ঘটনায় আহত বিপাশা ডি ক্রুজ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানায় দস্যুতার চেষ্টার মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, ডাকাতদের দেখে তিনি চিৎকার দিলে তারা তাঁর মুখ চেপে ধরে। ধস্তাধস্তির সময় তারা চাপাতি দিয়ে তাঁর ডান হাতে কোপ দেয়। এ সময় তাঁর দুই ভাই এগিয়ে এলে ডাকাতেরা তাঁদের কুপিয়ে ও গুলি করে আহত করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি দস্যুতা বলেই পুলিশ মনে করছে। চিৎকারের কারণে তারা কোনো মালামাল নিতে পারেনি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিন্দা ও প্রতিবাদ: এদিকে খ্রিষ্টান তিন ভাইবোনকে আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। গতকাল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। বিবৃতিতে ফাদার-সিস্টার-পালকসহ খ্রিষ্টান ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।