থানায় ব্যবসায়ীকে মারধর করলেন আ.লীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভেতরে গতকাল শুক্রবার বিকেলে এক ব্যবসায়ীকে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা কিল-ঘুষি মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে চন্দ্রগঞ্জ বাজারের স্টুডিও ব্যবসায়ী মো. ফয়েজ আলী চন্দ্রগঞ্জ থানার ফটকের সামনে গেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ও তাঁর ভাই মো. সুজন তাঁকে কিল-ঘুষি মারেন। পরে ফয়েজ দৌড়ে থানার ভেতরে ঢোকেন। সেখানেও তাঁকে মারধর করা হয়।
ব্যবসায়ী ফয়েজ বলেন, থানার পাশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে রঙের কাজ করাচ্ছিলেন। একপর্যায়ে নিজাম ও তাঁর ভাইসহ কয়েকজন গিয়ে রং করাতে নিষেধ করেন। এ ঘটনায় তিনি থানায় আসেন। ফটকের সামনে পৌঁছালে দুই ভাই তাঁকে মারধর করেন। পরে থানার ভেতরে গেলেও তাঁরা তাঁকে কিল-ঘুষি মারেন।
মারধরের অভিযোগ অস্বীকার করে নিজাম উদ্দিন বলেন, ‘ফয়েজকে মারা হয়নি। সে আমার কেনা জমিতে কাজ করছিল। আমরা তাঁকে কাজ করতে নিষেধ করেছি।’ চন্দ্রগঞ্জ থানার এসআই কাউছার উদ্দিন বলেন, থানার বাইরে নিজাম ও ফয়েজের মধ্যে বাগ্বিতণ্ডার খবর তিনি শুনেছেন। তবে থানার ভেতরে কিছু ঘটেনি।