থানায় মামলা দায়ের, মরদেহ বুঝে নিল পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় নগরের সোনাডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার রাতেই পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে কলেজের বেগম সুফিয়া কামাল ছাত্রীনিবাসের ৪১১ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরমানি সুলতানা নামে শেষ বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।
এদিকে পরিবার, কলেজ প্রশাসন ও নিহত ছাত্রীর বন্ধুরা লাশের ময়নাতদন্ত করতে রাজি ছিলেন না। এ কারণে সকাল ১০টার দিকে লাশ মর্গে নিয়ে গেলে শিক্ষার্থীরা বাধা দেন। পরে প্রশাসনের সহায়তায় বেলা দুইটার দিকে লাশের ময়নাতদন্ত শুরু করা হয়।
এ নিয়ে আরমানি সুলতানার বন্ধুরা বলেন, পরিবারের সদস্যসহ সবাই লাশের ময়নাতদন্ত করতে চাইছিলেন না। এ নিয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদনও করা হয়। কিন্তু সেখান থেকে কোনো সাড়া মেলেনি। পরে আইন অনুযায়ী তাঁর ময়নাতদন্ত করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহবুব বলেন, ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁরা আরমানি সুলতানার লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করবেন।
জানতে চাইলে খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, তদন্তের স্বার্থে লাশের ময়নাতদন্ত দরকার। এ কারণে ময়নাতদন্ত করা হয়েছে। বুধবার রাতেই পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।