থানার কাছে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকায় গতকাল রোববার সন্ত্রাসীদের গুলিতে মজিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলটি মিরপুর থানার কাছে।
স্বজনদের অভিযোগ, সন্ত্রাসীরা গুলি করে মজিবুরের কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মজিবুরের মামাতো ভাই দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, রাজধানীর খিলক্ষেত এলাকায় থাকেন মজিবুর। জমি বেচাকেনার ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। গতকাল বেলা তিনটার দিকে মিরপুর ২ নম্বরে গ্রামীণ ব্যাংকসংলগ্ন একটি ভবনে জমি বিক্রিসংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছে যান মজিবুর। ওই ব্যক্তির কাছ থেকে জমি বিক্রির ৩০ লাখ টাকা নিয়ে তিনি বাসার উদ্দেশে রওনা দেন। এ সময় মোটরসাইকেলে তিন যুবক তাঁর গতিরোধ করেন। এক যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করেন। বুকের ডান দিকে গুলি লেগে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে যুবকেরা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার সময় আশপাশে পথচারী ও যানবাহনের সমাগম ছিল। ঘটনার আকস্মিতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
পরে মজিবুরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনেছি। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’