থানার গেটের ফলক ভাঙল পৌরসভা!
ফেনী সদর মডেল থানা গেটে লাগানো পুলিশ সুপারের নাম-সংবলিত ফলক গতকাল মঙ্গলবার পৌর কর্তৃপক্ষ ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য পৌর কর্তৃপক্ষ বলেছে, ফলকটি ভাঙা হয়নি, সরিয়ে নেওয়া হয়েছে মাত্র। পরে ফলকটি লাগিয়ে দেওয়া হবে।
গত রোববার জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক ফেনী সদর মডেল থানার গেটের উদ্বোধন করেন। তখন তাঁর নাম-সংবলিত ফলক লাগানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে পৌরসভার মেয়র ও কয়েকজন কাউন্সিলরের উপস্থিতিতে কয়েকজন ব্যক্তি শাবল দিয়ে ফলকটি ভেঙে ফেলেন। বিষয়টি জানার পর পুলিশ সুপার মো. রেজাউল হক ফেনী থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে চলে যান।
ফলকটি ভেঙে ফেলা সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন।
ফেনী সদর মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরীও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।
জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, গেটটি পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হয়েছে। কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। ঠিকাদারের বিলও শোধ করা হয়নি। যে নামফলক লাগানো হয়েছিল, তাতে পৌরসভার নাম ভুল ছিল। সে কারণে পৌরসভা সেটি খুলে নিয়েছে মাত্র। খোলার সময় ফলকের সামান্য অংশ ভেঙে গেছে। সেটি আবার লাগিয়ে দেওয়া হবে।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, পুলিশ সুপার মো. রেজাউল হক প্রায় তিন বছর ফেনীতে কর্মরত। কিছুদিন আগে বিভিন্ন বিষয় নিয়ে সরকারি দলের নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়।
গত সোমবার মো. রেজাউল হককে পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ হয়েছে।