থানার পাশেই পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় আবদুল গণি ওয়াক্ফ এস্টেটের পুকুর ভরাট করে তৈরি করা হচ্ছে ভবন। গতকাল দুপুরের ছবি l প্রথম আলো
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় আবদুল গণি ওয়াক্ফ এস্টেটের পুকুর ভরাট করে তৈরি করা হচ্ছে ভবন। গতকাল দুপুরের ছবি l প্রথম আলো

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা ভবনের এক শ গজের মধ্যে দুটি পুকুর ভরাটের কাজ চলছে। ভরাট করা জায়গায় রাতারাতি স্থাপনা নির্মাণ করা হয়েছে। পুকুর ভরাট বন্ধে স্থানীয় বাসিন্দারা পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তবে সরকারি কোনো দপ্তরই ভরাট বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে তাঁরা অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, পাশাপাশি তিনটি পুকুরের মধ্যে কয়েক মাস আগে ছয় শতক আয়তনের একটি পুকুর প্রথম ভরাট করা হয়। এখন ২৩ শতক আয়তনের আরেকটি পুকুর ভরাটের কাজ চলছে।
তিনটি পুকুরই আবদুল গণি ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি। পাঁচলাইশ থানার পাশে নাটাব ভবনসংলগ্ন এস্টেটের তিনটি পুকুর এবং বেশ কিছু দোকানঘর রয়েছে। পুকুর ভরাট বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ২৩ জানুয়ারি স্থানীয় বাসিন্দারা লিখিতভাবে বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানান। অভিযোগে বলা হয়, এস্টেটের মোতোয়ালি জামাল উদ্দিন, তাঁর জামাতা এস এম জাহিদ, রফিকুল ইসলাম, সজীব দাশসহ কয়েকজন মিলে পুকুর দুটি ভরাট করেছেন।
জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নয় শ্রমিককে আটক করেছিলাম। কিন্তু মূল হোতাদের পাইনি। পরে এদের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। পরিবেশ অধিদপ্তর যাঁরা ভরাটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।’
স্থানীয় বাসিন্দা মো. আবু ফয়েজের অভিযোগ, যাঁরা পুকুর ভরাট করছেন, তাঁরা প্রভাবশালী হওয়ায় এ নিয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করছেন না। এরপরও তাঁরা কয়েকজন মিলে পুকুর ভরাট বন্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্ত গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটের বিষয়টি নিশ্চিত হয়েছি। একটি সম্পূর্ণ এবং অপরটির বেশির ভাগ অংশ ভরাট করা হয়েছে। পাশে আরেকটি পুকুর এখনো রয়েছে। এই পুকুরগুলো আবদুল গণি ওয়াক্ফ এস্টেটের। আমরা ভরাটকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এস্টেটের মোতোয়ালি জামাল উদ্দিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি অসুস্থ, তাই কথা বলতে পারবেন না।
তবে পুকুরসহ এস্টেটের দোকান দেখভালকারী সজীব দাশের কাছে পুকুর ভরাটের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা তো চুরি-ডাকাতি করিনি। পুকুরে বালু ফেলার সময় কয়েকজন শ্রমিককে পুলিশ ধরে নিয়েছিল। একটি ডোবার মতো ছিল, ওটি আগে ভরাট করা হয়েছে। আরেকটি এখন ভরাট করা হচ্ছে।’
মহানগর, বিভাগীয় শহর, জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী পুকুর ভরাট শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক বলেন, ‘আমরা অভিযোগের প্রাথমিক তদন্ত করে মামলা করি। পরে তা তদন্ত করে আদালতে অভিযোগপত্র দিই।’