থানার পাশেই মাদকের আখড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • হাজারীবাগ থানা থেকে ৫০ গজ দূরে আখড়া।
  • প্রতিদিন ৪০-৫০ জন সেখানে আড্ডা দেয়।
  • ২৪ ডিসেম্বর মাদক কেনাবেচা নিয়ে সংঘর্ষ হয়।

হাজারীবাগ থানা থেকে জিগাতলা আবাসিক এলাকার ট্যানারি ব্লকের দূরত্ব বড়জোর ৫০০ গজ। ট্যানারি ব্লকে নির্মাণাধীন একটি বাড়ির নিচতলায় গড়ে উঠেছে মাদকের আখড়া। প্রতিদিন সন্ধ্যায় সেখানে ইয়াবা বেচাকেনা ও সেবন করে এলাকার মাদকসেবীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, থানার কাছের এই মাদকের আখড়ার বিষয়টি তাঁরা হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি।

জানতে চাইলে সদ্য বিদায়ী হাজারীবাগ থানার ওসি মীর মো. আলিমুজ্জামান বলেন, ওটা মাদকের আখড়া নয়। স্থানীয় ছাত্রলীগের ছেলেরা সেখানে বসে আড্ডা দেয়। কেউ কখনো মাদকের অভিযোগ করেনি। তিনি বলেন, ওই ব্লকে মাদকের ব্যবসা হলে স্থানীয় বাসিন্দারা যেন থানায় এসে অভিযোগ দেন। আর হাজারীবাগ থানার নতুন ওসি ইকরাম আলী মিয়া বলেন, ‘আমি কয়েক দিন হলো মাত্র যোগ দিয়েছি। সেখানে কী হয়, তা জানি না।’

এলাকাবাসীর অভিযোগ, ২৭ জিগাতলা ট্যানারি ব্লকের নির্মাণাধীন একটি বহুতল ভবনের নিচতলায় স্থানীয় ও বহিরাগত তরুণ-যুবকেরা মাদকের আখড়া গড়ে তুলেছে। ৪০-৪৫ জন যুবক ওই আড্ডায় নিয়মিত আসে। সন্ধ্যায় তারা এখানে ইয়াবা সেবন ও বিক্রি করে।

স্থানীয় অন্তত ১০ জন বাসিন্দা প্রথম আলোকে বলেন, গত ২৪ ডিসেম্বর ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা মুদি, ওষুধের দোকানসহ অন্তত ১০টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। তারা জিগাতলা বাড়িমালিক কল্যাণ সমিতির কার্যালয়টিও ভাঙচুর করে। সন্ত্রাসীদের চাপাতির কোপে শাফায়েত হোসেন নামের এক পথচারী আহত হন। হাজারীবাগ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলিও করেন। হাজারীবাগ থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়।

 থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, সংঘর্ষের সময় মাদক ব্যবসায়ীরা আবাসিক এলাকায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছিলেন তিনি। এ কারণে ভয় দেখাতে নিজের পিস্তল দিয়ে শূন্যে গুলি ছোড়েন। তখন সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। হাজারীবাগ থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিগাতলা বাসস্ট্যান্ডসংলগ্ন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দক্ষিণ দিকের রাস্তা দিয়ে আধা কিলোমিটার যেতেই জিগাতলা ট্যানারি ব্লক। সেখানে গেলে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আলোচিত মাদকের আখড়াটি এ প্রতিবেদককে দেখান। তাঁরা বলেন, মাদকের আখড়াটি এলাকাবাসীর জন্য হুমকি হয়ে আছে। বিশেষ করে স্কুল ও কলেজপড়ুয়া কিশোরী-তরুণীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ভয় পায়। সন্ধ্যার পর মেয়েরা এই এলাকা এড়িয়ে জিগাতলা নিঝুম আবাসিক এলাকা দিয়ে চলাচল করে। তাঁরা জানান, ওই এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। তাঁর সঙ্গে আছেন হাবিব, জুবায়ের, রকি ও তপু। হাজারীবাগ থানার পুলিশ বলেছে, আনোয়ার হোসেন হাজারীবাগ থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

মাদকের আখড়ার পাশেই নূর ইসলামের দোকান। দোকানটির মালিক নূর ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর নির্মাণাধীন ভবনের নিচতলায় মাদক বেচাকেনা হয়। গত ২৪ ডিসেম্বর মাদক ব্যবসায়ীরা তাঁর দোকান ভাঙচুর করে এবং ১০ হাজার টাকা নিয়ে যায়। ওই দিন আরও ১০-১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর হয়।

জিগাতলা জনকল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ২৪ ডিসেম্বর সংঘর্ষের পর তাঁরা জানতে পারেন ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।