থানার পুলিশের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল যানবাহন শাখার পুলিশ সার্জেন্ট নয়, চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার পুলিশের বেপরোয়া চাঁদাবাজিতে বিরক্ত পরিবহন মালিক-চালক সমিতির নেতারা। সাধারণ ব্যবসায়ীরাও ওই থানার পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির আঙুল তুলেছেন। এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার আকুতি জানিয়েছে ব্যবসায়ী ও পরিবহন মালিক-চালক সমিতি।
পরিবহন মালিক ও চালক সমিতির নেতাদের অভিযোগ, কর্নেলহাট ও সিটি গেট নগরের আকবর শাহ থানার অধীনে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশপথ সেটি। সেখানে নিরাপত্তাচৌকি বসানোর নামে আকবর শাহ থানার পুলিশও বেপরোয়া চাঁদাবাজি করছে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও একজন অতিরিক্ত উপপরিদর্শকের বিরুদ্ধে সরাসরি চাঁদা দাবি ও উৎকোচ গ্রহণের গুরুতর অভিযোগ ওঠে।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক চৌধুরী জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কেবল ট্রাফিক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে একতরফা অভিযোগ করলে ভুল হবে। আকবর শাহ থানার পুলিশও নিরাপত্তাচৌকি বসিয়ে বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজি করছে।’
চৌধুরী জাফর আহমেদ আরও বলেন, ‘আমরা পুলিশের চাঁদার টাকা যুক্ত করে গ্রাহকদের কাছ থেকে পরিবহন ভাড়া আদায় করি। আসলে পুলিশের চাঁদাবাজি বন্ধ হলে পরিবহন ভাড়া অনেক কমে আসবে। এর ইতিবাচক প্রভাব পড়বে পণ্যসামগ্রীতে।’
চট্টগ্রামের একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘আমার শিল্পপ্লটের দিকে কিছু বখাটে লোকজনের চোখ পড়ে। থানায় গেলে ওসির পক্ষে আমার কাছ থেকে ছয় লাখ টাকা উৎকোচ নেওয়া হয়।’
গত শনিবার নগরের প্রবেশপথ কর্নেলহাট এলাকায় মোহাম্মদ আলী নামের এক ট্রাকচালককে পিটিয়ে রক্তাক্ত করার জের ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহরতলির প্রবেশপথ কর্নেলহাটে অবরোধ করে এক ঘণ্টার জন্য গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে পরিবহনশ্রমিকদের দাবির মুখে দায়ী পুলিশ সার্জেন্ট নূরে আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ট্রাকচালক মোহাম্মদ আলীর কাছে চাঁদা দাবি করেন। চালক ৪০০ টাকা গুঁজে দিলে সার্জেন্ট নূরে আলম বিরক্ত হন। এরপর চালক ও সার্জেন্টের মধ্যে বাগ্বিতণ্ডা চলে। একপর্যায়ে চালককে ট্রাক থেকে নামিয়ে এনে বেদম মারধর করা হলে সাধারণ মানুষ ও পরিবহনশ্রমিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আরেফিন জুয়েল (ট্রাফিক) বলেন, ‘আকবর শাহ থানার পুলিশের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ তোলেন পরিবহনশ্রমিক সংগঠনের নেতারা। ওরা নিরাপত্তা চৌকি বসিয়ে গাড়ি থামিয়ে চাঁদা নেয় বলে পরিবহন মালিক ও চালক সংগঠনের নেতাদের অভিযোগ।’
নগরের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘আকবর শাহ থানার পুলিশের বিরুদ্ধে আমিও অনেক অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ওসিকে মৌখিক সতর্ক করা হয়েছে। কেউ ওসি কিংবা থানার পুলিশের বিরুদ্ধে প্রমাণ দিতে পারলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে আকবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ উত্তেজিত হয়ে প্রথম আলোকে বলেন, ‘কে আপনাকে পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ করেছে। নাম বলুন, তাকে পিটিয়ে চামড়া লাল করে দেব। আমার থানার কোনো পুলিশ চাঁদাবাজি করে না।’
ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি প্রসঙ্গে ওসি মজিদ বলেন, ‘আমি অন্যায় পছন্দ করি না। ব্যবসায়ীদের কাছ থেকে কেন চাঁদা নেব?’