থানার ভেতরে পুলিশ পরিদর্শক লাঞ্ছিত
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা যুবলীগের এক কর্মী থানার পরিদর্শককে (তদন্ত) থানার ভেতরে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার যশলং এলাকায় দুই ভাই রুহুল আমিন শেখ ও মোবারক শেখের মধ্যে বসতঘরের মালিকানা নিয়ে সমস্যা ছিল। বিষয়টি নিয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে থানার ওসির কক্ষে সালিস বসে। সালিসে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুবেল খান, বাচ্চু মাজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই ভাইয়ের বিরোধের ঘটনায় রুহুল আমিন শেখের পক্ষ নেন নাহিদ খান। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় ওসি আলমগীর হোসাইনের উপস্থিতিতে যুবলীগ কর্মী নাহিদ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানকে কিল-ঘুষি মারতে থাকেন। তিনি মেহেদী হাসানের টি-শার্ট টেনে ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় উপস্থিত সবার মধ্যে হুড়োহুড়ি শুরু হলে এক ফাঁকে নাহিদ পালিয়ে যান।
মেহেদী বলেন, তিনি টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে তিনি বাদী হয়ে নাহিদ খানকে আসামি করে মামলা করেছেন।
এ বিষয়ে কথা বলতে নাহিদ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও টঙ্গিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবেল খান বলেন, ‘নাহিদ সম্পর্কে আমার ভাতিজা। কিন্তু এ ঘটনার কারণে আমি তাঁর বিপক্ষে। সে যুবলীগের কোনো পদে না থাকলেও যুবলীগ করে।’
এ বিষয়ে কথা বলতে ওসি আলমগীর হোসাইনের মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইমদাদ হোসাইন বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।