থানার সামনে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
মাগুরা সদর থানার মূল ফটকের পাশে ছাত্রলীগের এক কর্মীকে গত সোমবার কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তাঁর নাম ফরহাদ মীর (২৮)। তিনি মাগুরা শহরের মীরপাড়ার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে শহরের জামে মসজিদ এলাকায় ফরহাদকে সমবয়সী তিন-চার যুবক ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি দৌড়ে মাগুরা সদর থানায় ঢোকার মুখের রাস্তার পাশে পা পিছলে পড়ে যান। এ সময় হামলাকারীরা তাঁকে পুলিশ, পথচারী ও আশপাশের লোকজনের সামনে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে তিনি মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে থানার পাশের একাধিক ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, পুলিশের সামনে এ ঘটনা ঘটলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, মাস দেড়েক আগে থানার পাশে পোস্ট অফিসের সামনে ফরহাদ এক যুবককে কুপিয়ে জখম করেছিলেন। এ ছাড়া তিনি ছাত্রলীগের নেতা রাজন খান হত্যা মামলারও অন্যতম আসামি। এসব কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।