একাত্তর টেলিভিশনের প্রযোজক ও সংবাদ পাঠক আতিক রহমানকে বাসচালকের সহকারী ও বাসশ্রমিকেরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে তালিকা না টাঙিয়ে বেশি ভাড়া আদায় নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে তাঁর ওপর হামলা চালানো হয়। মিরপুর মডেল থানার ৫০ গজ সামনে এ ঘটনা ঘটে।
আতিক রহমানের সহকর্মীরা জানান, নতুন বাজার থেকে মিরপুরে চলাচলকারী জাবালে নূর পরিবহনের একটি বাসের চালকের সহকারীসহ কয়েকজন তাঁকে মারধর করেন। এতে রক্তাক্ত হন তিনি।
একাত্তর টেলিভিশনের সাংবাদিক মহিম মিজান প্রথম আলোকে বলেন, অফিসের কাজ শেষ করে আজ দুপুরের দিকে নতুন বাজার থেকে বাসে ওঠেন আতিক রহমান। চালকের সহকারী বেশি ভাড়া দাবি করলে তিনি ভাড়ার তালিকা দেখতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে মিরপুর ২ নম্বরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে এলে ওই সহকারী আরও কয়েকজন শ্রমিককে নিয়ে তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি।
মারধরের শিকার আতিক রহমান প্রথম আলোকে বলেন, নতুন বাজার থেকে মিরপুর সিটিং বাসের ভাড়া ছিল ২৫ টাকা। কিন্তু এখন দাঁড়িয়ে যাত্রী নেওয়ার পরও সেই একই ভাড়া দাবি করে বাসের সহকারী (কন্ডাক্টর) সোহেল। একপর্যায়ে সে ২০ টাকা নিয়ে চলে গেলেও মিরপুর থানার সামনে পৌঁছালে এসে আরও পাঁচ টাকা দাবি করেন। এ সময় তাঁর কাছে ভাড়ার তালিকা দেখতে চাইলে তিনি বলেন, ‘তালিকা ধুইয়ে কি পানি খাইবেন? তালিকা দেখাইতেছি এইবার।’ এ কথা বলেই তিনিসহ আরও কয়েকজন মিলে তাঁকে মারতে শুরু করেন।
একাত্তর টেলিভিশনের সাংবাদিক জেমসন মাহবুব জানান, আহত আতিক রহমান সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মিরপুর থানায় আছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানার জন্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।