থানাহাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজার থানাহাজতে গতকাল শুক্রবার মো. জাহাঙ্গীর (২৪) নামের এক রিমান্ডের আসামির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, জাহাঙ্গীর আত্মহত্যা করেছেন। একটি ডাকাতি মামলায় গতকাল বিকেলেই তাঁকে দুই দিনের রিমান্ডে আনা হয়েছিল।
চকবাজার থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ছয়টা ৪০ মিনিট থেকে ছয়টা ৫৫ মিনিট পর্যন্ত থানা ও থানার আশপাশে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসার পর দেখা যায়, হাজতের বাথরুমের একটি বিমের সঙ্গে গলায় কম্বল পেঁচিয়ে ঝুলছেন জাহাঙ্গীর।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, গত ডিসেম্বরে চকবাজারের করিম টাওয়ার এলাকায় একটি চিনির ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছিল। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরকে আটক করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে দুই দিনের রিমান্ডে আনা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে আদালত থেকে তাঁকে এনে থানা হাজতে রাখা হয়েছিল।
গতকাল রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাহাঙ্গীরের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গেও পাঠানো হয়নি। জানা গেছে, জাহাঙ্গীরের বাসা ইসলামবাগে।