সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশি হেফাজতে ছয় দিন এক কলেজছাত্রীর ওপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ আদালতে মেয়েটি বিচারকের কাছে ওই অভিযোগ করে। এ পরিপ্রেক্ষিতে আদালত ২৪ ঘণ্টার মধ্যে ওই মেয়ের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালত চত্বরে ওই ছাত্রীর স্বজনেরা পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। আটক করে দুজনকে। পরে মেয়েটিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মেয়েটির আইনজীবী শওকত হোসেন জানান, কাজীপুর উপজেলার আলমপুর গ্রামের গৃহবধূ আছিয়া খাতুন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওই কলেজছাত্রীকে ২১ জানুয়ারি আটক করা হয়। গত ছয় দিন তাকে থানা হেফাজতে রেখে নির্যাতন করা হয়। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় ওই ছাত্রী জানায়, কাজীপুর থানা হেফাজতে পুলিশ তার গায়ে মরিচ ঢেলে নির্যাতন চালায়। এ ছাড়া তাকে নানাভাবে মারধর করে বিভিন্ন স্থানে জখম করে।
এ পর্যায়ে বিচারক রুবিনা পারভীন ২৪ ঘণ্টার মধ্যে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে সিরাজগঞ্জের সিভিল সার্জন ও কারা তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন। স্বাস্থ্যপরীক্ষার প্রতিবেদনের অনুলিপি মুখ্য বিচারিক হাকিম, সিরাজগঞ্জের পুলিশ সুপার এবং পুলিশের রাজশাহী অঞ্চলের উপমহাপরিদর্শক বরাবর পাঠানোরও নির্দেশ দেন আদালত।
মেয়েটি নির্যাতনের অভিযোগ করার পর তার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা আদালত চত্বরে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এবং পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাকসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হন। পরে তাঁরা আদালতের প্রধান ফটকের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পুলিশের ওপর হামলা চালান। খবর পেয়ে সদর থানার ওসি হাবিবুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ আদালত চত্বর থেকে আবদুল মোতালেব ও আলী আসগর নামে দুজনকে আটক করে।
জানতে চাইলে ওসি আবদুল জলিল বলেন, মুঠোফোনের কল তালিকা ধরে মেয়েটিকে ২৪ জানুয়ারি আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এতে সময় লাগায় ওই ছাত্রীকে থানা হেফাজতে রাখা হয়। তিনি আরও বলেন, বিবাদীরা জামায়াত-বিএনপির লোক হওয়ায় ঘটনায় রংচং লাগিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।
সিভিল সার্জন মোহাম্মাদ শামসুদ্দিন বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সরকার বলেন, পুলিশের বিরুদ্ধে আসামি নির্যাতনের অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার আলমপুর পূর্ব পাড়ার আফতাব হোসেনের মেয়ে আছিয়া খাতুন গত ১৭ আগস্ট রাতে খুন হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু ইয়াহিয়া আনসারি কাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।