থানায় এসে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার
নাটোর থানা থেকে মোটরসাইকেল ছাড়াতে এসে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হয়েছেন দুই তরুণ। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া তরুণেরা নিজেদের যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দিলেও শহর যুবলীগ তা অস্বীকার করেছে।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, শহরের বঙ্গজল এলাকার জাহাঙ্গীর আলম ওরফে বাবু (২১) ও নীচাবাজার চৌধুরীপাড়ার আবদুল গালিব চৌধুরী (২০) সকাল আটটার দিকে সদর থানায় যান পুলিশের আটক করা একটি মোটরসাইকেল ছাড়াতে। এ সময় সন্দেহ হলে পুলিশ তাঁদের দেহ তল্লাশি করে। তল্লাশির সময় বাবুর কাছে একটি পিস্তল ও গালিবের কাছে চারটি গুলি পাওয়া যায়। পুলিশ তাৎক্ষণিক তাঁদের গ্রেপ্তার করে অস্ত্র আইনে মামলা দায়ের করে। বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তিন দিন আগে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল আটক করে থানায় আনে পুলিশ। গতকাল সেই মোটরসাইকেলের কাগজপত্র থানায় দেখাতে আসেন বাবু ও গালিব। এ সময় তাঁদের আচরণ দেখে সন্দেহ হয়। পরে তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়। গ্রেপ্তারের সময় আসামিরা নিজেদের যুবলীগের কর্মী বলে পরিচয় দেন। তবে শহর যুবলীগের সভাপতি সাঈম হোসেন বলেন, তিনি ওই দুই তরুণকে চেনেন না। তাঁরা যুবলীগের কোনো পদে নেই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁরা বখাটে প্রকৃতির তরুণ।